তাঁরা শুধু গাজীপুরেই থাকতে চান!
অনৈতিক কার্যকলাপ ও দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তাকে গাজীপুর থেকে কিশোরগঞ্জে বদলি করা হয়েছিল। তবে ১২-১৩ দিন পার হলেও তাঁরা নতুন কর্মস্থলে যোগ দেননি। তাঁরা গাজীপুরেই থাকতে চান।
বদলি ঠেকাতে দুই পুলিশ কর্মকর্তা তদবিরে ব্যস্ত আছেন বলে অভিযোগ করেছেন জেলার একাধিক পুলিশ কর্মকর্তা। তবে তাঁরা নাম প্রকাশ করে বক্তব্য দিতে চাননি।
‘গাজীপুরপ্রিয়’ ওই পুলিশ কর্মকর্তারা হলেন জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক ও কালিয়াকৈর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. শামিম।
জয়দেবপুর থানার তিনজন এসআই জানান, এসআই নাজমুল হক গত ফেব্রুয়ারি মাসে ভোগড়া ক্যাম্পে যোগ দেন। এরপর নানা অনৈতিক কাজে জড়িয়ে পড়েন তিনি। এলাকার মাদক ব্যবসায়ীসহ চোরাকারবারিদের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে। এসব অভিযোগে গাজীপুরের পুলিশ সুপার ১১ জুলাই তাঁকে কিশোরগঞ্জ জেলায় বদলি করেন। নাজমুলকে সহায়তা করার অভিযোগে বদলি করেন একই ক্যাম্পের এএসআই আবদুল হামিদকে। হামিদ পরদিনই নতুন কর্মস্থল মানিকগঞ্জে যোগ দিলেও গতকাল মঙ্গলবার পর্যন্ত কিশোরগঞ্জে যোগ দেননি নাজমুল। কালিয়াকৈর থানার কয়েকজন এসআই জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে থানার এএসআই শামিমকে বদলি করা হয়েছিল ১০ জুলাই। তিনিও গতকাল পর্যন্ত কর্মস্থলে যোগ দেননি। বদলি ঠেকানোর কারণ: পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, জয়দেবপুর থানা এলাকা অনেক বড় হওয়ায় থানার অধীনে তিনটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এগুলো হলো গাজীপুর শিল্প এলাকার কোনাবাড়ী, ভোগড়া বাইপাস ও পুবাইল। এসব ক্যাম্পে একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়। তাঁর তত্ত্বাবধানে দুজন এএসআই ও কয়েকজন পুলিশ কনস্টেবল দায়িত্ব পালন করেন। ওই দায়িত্ব পেতে এসআইদের মধ্যে মৌন যুদ্ধ চলে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। গত সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নাজমুলকে গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ে সাধারণ পোশাক পরে বসে থাকতে দেখা গেছে। জানতে চাইলে নাজমুল বলেন, ‘স্যারের সঙ্গে (পুলিশ সুপার) দেখা করতে এসেছি। সভা চলার কারণে তিনি ব্যস্ত। তাই বসে আছি।’ বদলির বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘কিশোরগঞ্জে যোগ দেব। ব্যক্তিগত কাজ থাকায় এখনো জয়দেবপুর থানায় আছি।’ এএসআই মো. শামিম বলেন, ‘চেষ্টা করে দেখি গাজীপুরেই থাকা যায় কি না।’ বদলির পরও দুই কর্মকর্তার গাজীপুরে থাকা প্রসঙ্গে পুলিশ সুপার মো. আবদুল বাতেন বলেন, ‘এসআই নাজমুল ও এএসআই শামিমকে তাৎক্ষণিক বদলি করা হয়েছে। তাঁরা কী কারণে এখনো কর্মস্থলে যোগ না দিয়ে গাজীপুরে আছেন সেটা জানা নেই।’