তাঁরা শুধু সই দেন, কাজ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সভার শুরুতেই খাতায় স্বাক্ষর দিতে বলেন পরিষদের চেয়ারম্যান ও পুরুষ সদস্যরা। এরপর চা-টা খেয়ে সভা শেষ। পরে দেখা যায়, পুরুষ সদস্যরা ঠিকই কাজ করছেন; ইউনিয়ন পরিষদের (ইউপির) নারী সদস্যদের কোনো কাজ নেই। কেবল তাঁদের স্বাক্ষর নেওয়া হয়।গত শনিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার নয়টি ইউপির নারী সদস্যরা এক মতবিনিময় সভায় এসব কথা বলেন। বাংলাদেশ মহিলা পরিষদ শহরের পৌরসভা মিলনায়তনে এ সভার আয়োজন করে। সভায় নরওয়ে সরকারের প্রতিনিধি ও মহিলা পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। এ সময় জাহাঙ্গীরনগর ইউপির সদস্য সাদিয়া আক্তার বলেন, ‘পরিষদে আমরা বৈষম্যের শিকার। আমাদের কোনো কাজ করতে দেওয়া হয় না। নারীদের নাকি সবকিছু জানতে নেই।’মোল্লাপাড়া ইউপির সদস্য রৌশনারা বলেন, ‘ভিজিএফ ও ভিজিডির তালিকা করেন পুুরুষ সদস্যরা। চাল বিতরণের সময় আমাদের বলা হয়, তোমরা পাশে দাঁড়িয়ে থাকো। লোকজন ভাববে, তোমরাই দিচ্ছ। আমরা তালিকা করতে পারি না। চাল বিতরণ করতে পারি না।’ নানা অভাব-অভিযোগ নিয়ে সভায় আরও কথা বলেন ইউপি সদস্য পিয়ারা বেগম, শাহেদা বেগম, জাকেরা বিবি, মাজেদা বেগম, রহিমা খাতুন প্রমুখ।