তাঁরা সদরঘাটের মাঝি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ওই মুলাদীর লঞ্চ, আহেন আহেন মুলাদী-ডামুড্যা।’ ৬০ বছর বয়সী মন্নান সরদার দুই লঞ্চের মধ্যে নিজের ডিঙিনৌকায় দাঁড়িয়ে চিৎকার করছিলেন। পাশে আরও এক যুবকও চিৎকার করছিলেন ‘মুলাদী-ডামুড্যা’ বলে।
মাঝি মন্নান সরদার সদরঘাটে নৌকা দিয়ে যাত্রী পারাপার করেন ২০ বছর ধরে। সদরঘাটের উল্টো দিকে কেরানীগঞ্জ ঘাটে নোঙর করা লঞ্চে যাত্রী তোলার জন্য তাঁরা ডাকছিলেন। মন্নান সরদার কথা বলার সময় হঠাৎ নৌকা নিয়ে দিলেন ছুট। পাশের তরুণ মাঝিটিও একইভাবে পাল্লা দিয়ে নৌকা ভাসালেন।
তাঁদের অনুসরণ করে অন্য একটি লঞ্চের পাশে পাওয়া গেল। এভাবে চলে এলেন কেন, প্রশ্ন করলে মন্নান সরদার বলেন, ‘দুই লঞ্চ চাপতাছিল। ফাঁকে পড়লে নৌকা ভাইঙ্গা যাইত।’
পাঁচ সন্তানের বাবা মন্নান বলছিলেন তাঁর তিন মেয়ে ও দুই ছেলের কথা। বড় ছেলেটি উচ্চমাধ্যমিক পাস। তিন মেয়েকে সপ্তম-অষ্টম শ্রেণি পর্যন্ত পড়িয়ে বিয়ে দিয়ে দিয়েছেন। ছোট ছেলেটি পড়ালেখা করেনি। এভাবে আর কত দিন নৌকা চালাবেন, এমন প্রশ্নে মন্নান সরদার একটু গম্ভীর হয়ে বললেন, ‘ট্যাকা জমাইছিলাম। তিন মাইয়ারে বিয়া দিয়া হাত খালি। দ্যাশের বাড়ি শরীয়তপুরে জায়গাজমি আছে। কিছু ট্যাকা হইলে দ্যাশে যামুগা।’
মন্নান সরদারের মতো ঢাকা সদরঘাটে বৃদ্ধ থেকে শুরু করে জওয়ান প্রায় এক হাজার মাঝি প্রতিদিন খেয়া পারাপার করেন বলে জানান ইজারাদারের প্রতিনিধি। এই পারাপার দুই ধরনের। কিছু মাঝি যাত্রীদের দূরে নোঙর করা লঞ্চ ধরিয়ে দেন আর কিছু কেরানীগঞ্জ ঘাটে যাত্রী পারাপার করেন। বেশির ভাগ মাঝি অন্যের নৌকা ভাড়া চালান।
সদরঘাটে ৪০ বছর ধরে যাত্রী পারাপার করা সিরাজ বয়াতি বলেন, ‘যখন ঘাটে আহি, তহন শেখ সাহেব বাঁইচা আছোলো।’ যখন একজন পার হতে ১০ পয়সা লাগত, তখন থেকে এখন পর্যন্ত এই ঘাটেই আছেন সিরাজ। এখন একজন পার হতে ৫ টাকা আর রিজার্ভ নিলে ২০ টাকা।
এখন কেমন দিন যাচ্ছে, জানতে চাইলে সিরাজ বয়াতি বলেন, ‘নৌকা ভাড়া ৭৫ টাকা। ঘাটের ইজারাদারের ভাড়া ৮৫ টাকা। রাইতে নৌকা পাহারা ১০ টাকা। সিরিয়াল বাবদ ৫ টাকা।’ প্রতিদিন খাবারের পেছনে ২০০ টাকা খরচের কথা জানিয়ে বয়াতি বলেন, ‘প্রতিদিন ৪০০ টাকা খরচ থাকে। ঘাটভাড়াডা যদি একটু কম থাকত, তাইলে আর আমগো কোনো কষ্ট হইতো না।’ ১০ পয়সা ভাড়ার কথা শুনে অপর এক মাঝি হানিফ বললেন, এই বুড়িগঙ্গার পানি একসময় সাপ্লাইয়ের পানির মতো ছিল। তখন তাঁরা এই পানিতে গোসল করতেন ও খাওয়ার পানি হিসেবে ব্যবহার করতেন। এখন নদীর অবস্থা বলতে গিয়ে একটু দূরে তাকিয়ে হানিফ বলেন, ‘হেই দিন কি আর আছে! এহন পানির মইদ্দে বিষ। প্যান্টের কালাপানিতে বুড়িগঙ্গা শ্যাষ।’ বুড়িগঙ্গার পাশে দক্ষিণ কেরানীগঞ্জে প্যান্ট রং (ডায়িং) করার অসংখ্য কারখানা গড়ে উঠেছে। কারখানাগুলোর দূষিত পানি ও বর্জ্য এসে মেশে বুড়িগঙ্গায়।
সারা দিন নৌকা চালিয়ে একজন মাঝি এখন প্রতিদিন ৬০০ থেকে ৭০০ টাকা আয় করেন। যেসব মাঝি নৌকা কিনতে আগ্রহী, তাঁদের সহজ শর্তে ঢাকা নৌকা মাঝি বহুমুখী সমবায় সমিতি নৌকা কিনে দেয়, যা কিস্তিতে শোধ করে দেওয়া যায়। সমিতির মাধ্যমে মাঝিরা এ পর্যন্ত ৪০টির মতো নৌকা পেয়েছেন।
নিয়মিত ঘাট পার হন একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী লাবণি আক্তার। তিনি বলেন, প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসা করতে ঘাট পার হতে হয়। নোংরা পানির গন্ধ আর অন্য নৌকার পানির ঝাপটা এসে শরীরে লাগে।
বুড়িগঙ্গা ঘাটের ইজারাদার আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, মাঝিদের কাছ থেকে টাকা কম নেওয়ার বিষয়ে চিন্তা করছেন। কিছু বিষয়ের কারণে বর্তমানে এমন হচ্ছে।