তাঁরা হার মানেননি

গাইবান্ধার জাকিয়া সুলতানা জন্ম থেকে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। কথা বলেন ভাঙা ভাঙা গলায়। কথা বোঝেন চোখে চোখ রেখে। আর অর্থাভাবে বাতজ্বরের চিকিৎসা করাতে না পেরে আট বছর বয়স থেকে শারীরিক প্রতিবন্ধী লালমনিরহাটের শিবু দাস।
প্রতিবন্ধিতার সঙ্গে দারিদ্র্য—এই দুই প্রতিবন্ধকতার কাছে হার মানেননি তাঁরা। আর দশজনের সঙ্গে প্রতিযোগিতা করেই দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। জাকিয়া বিবিএ ও শিবু ইংরেজি সাহিত্যে ভর্তির অপেক্ষায় আছেন।
গাইবান্ধা শহরের শনিমন্দির রোডের জাকিয়া গাইবান্ধা সরকারি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা শাখা থেকে জিপিএ-৫ পান। এসএসসিতেও পেয়েছেন জিপিএ-৫। তাঁর বাবা আবদুল আউয়াল একটি বেসরকারি কোম্পানিতে ছোট চাকরি করেন। মা মাফরুজা আক্তার গৃহিণী।
পরিবার জানায়, ছোটবেলায় জাকিয়ার চিকিৎসার চেষ্টা করা হলেও কোনো লাভ হয়নি। পরে তাঁরা মেয়েকে ঢাকার একটি প্রতিষ্ঠানে ভর্তির চেষ্টা করেন। কিন্তু ঢাকায় থেকে পড়াশোনার খরচ চালানোর মতো আর্থিক সামর্থ্য তাঁদের ছিল না। তাই তাঁরা গাইবান্ধা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক ইদ্রিস আলীর কাছে যান। ওই শিক্ষক প্রতিদিন বাসায় গিয়ে এক ঘণ্টা স্পিচ থেরাপির মাধ্যমে তাঁকে পড়াশোনা করাতে থাকেন।
মাফরুজা আক্তার বলেন, ‘চোখের দিকে না তাকিয়ে কথা বললে সে বোঝে না। এ জন্য চোখে চোখ রেখে, আঙুল ধরে তাকে অক্ষর ও লেখা শেখাতে হয়েছে। শহরের আসাদুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয়েও তাকে একইভাবে পাড়ানো হতো। শিক্ষকেরা তাকে শ্রেণিকক্ষের প্রথম সারিতে বসিয়ে পড়াতেন।’
জাকিয়ার বাবা আবদুল আউয়াল বলেন, ‘সামান্য বেতনে চাকরি। কোনোমতে সংসার চলে। তার পরও মেয়ের পড়াশোনায় আগ্রহ দেখে সব কষ্ট ভুলে যাই। কিন্তু মেয়েকে বাইরে রেখে পড়ানোর খরচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছি।’
লালমনিরহাট সদর উপজেলার তিস্তা দাসপাড়া গ্রামের মৃত নিপেন্দ্রনাথ দাসের দ্বিতীয় ছেলে শিবু দাস। মায়ের নাম মঞ্জু রানী দাস। আট বছর বয়সে বাতজ্বরে আক্রান্ত হয়ে তাঁর দুই পায়ের হাঁটুতে সমস্যা হয়। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে পারেনি পরিবার। বাতজ্বর সেরে গেলেও শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন শিবু দাস। এখন তাঁকে কষ্ট করে খুঁড়িয়ে হাঁটতে হয়। এভাবেই ২০১২ সালে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসিতে জিপিএ-৫ ও ২০১৪ সালে রংপুরের কাউনিয়া কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসিতে জিপিএ ৪ দশমিক ৯ পেয়ে উত্তীর্ণ হন।
শিবু দাসের মা মঞ্জু রানী দাস বলেন, তাঁর স্বামী ২০০৭ সালে মৃত্যুবরণ করেন। অনেক কষ্টে শিবু এসএসসি ও এইচএসসি পাস করেছেন। শিবুর বড় ভাই একটি ওষুধের দোকানে স্বল্প বেতনে চাকরি করেন। তাঁর পক্ষে শিবুকে ভর্তির টাকা দেওয়া সম্ভব নয়। আর পারিবারিকভাবে তাঁদের বিক্রির মতো কোনো সম্পদও নেই। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে ছেলের লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে তাঁরা খুব দুশ্চিন্তায় আছেন।