সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে সাত প্রার্থীর মধ্যে আওয়ামী লীগেরই ছয়জন। এর মধ্যে দলের সমর্থন পেয়েছেন একজন। বাকি পাঁচজন দলের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। দলের প্রতি এক ধরনের ‘অভিমান’ থেকেই তাঁরা মাঠে আছেন বলে জানিয়েছেন।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে প্রার্থীরা হলেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের হবিবপুর আঞ্চলিক কমিটির আহ্বায়ক আবদুল মনাফ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শামীম আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা আবদুল হান্নান, শাহ নূরুল করিম ও উপজেলা বিএনপির সভাপতি আক্তারুজ্জামান।স্থানীয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার পরই দলের সমর্থন পেতে আওয়ামী লীগের এই নেতারা লবিং শুরু করেন। তবে বর্তমান মেয়র আবদুল মনাফকে দলের সমর্থন দেওয়া হয়। এরপর স্থানীয় সাংসদ এম এ মান্নান অন্য প্রার্থীতের সরে দাঁড়ানোর আহ্বান জানান। কিন্তু ওই পাঁচজন তা করেননি।এই ‘বিদ্রোহী’ পাঁচ প্রার্থীর দাবি, কোনো রকম আলোচনা ছাড়াই একতরফাভাবে আবদুল মনাফকে সমর্থন দেওয়া হয়েছে। আলোচনা করলে একটা ভালো সমাধান বের হতো। দলের প্রতি এক ধরনের ‘অভিমান’ থেকেই তাঁরা মাঠে আছেন এবং গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। লুৎফুর রহমান বলেন, ‘কেন্দ্র থেকে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করায় ব্যথিত হয়েছি। দলের স্থানীয় অনেক নেতা-কর্মী আমার সঙ্গে আছেন।’আনহার মিয়া বলেন, ‘দলে গণতন্ত্রের চর্চা না থাকায় কেন্দ্র থেকে একজনের নাম ঘোষণা করা হয়েছে। এটা আমি মানতে পারিনি।’ শামীম আহমদ বলেন, ‘আমাদের প্রতি অবিচার করা হয়েছে। তাই মাঠে আছি এবং থাকব।’ আবদুল হান্নান ও শাহ নূরুল করিম দলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান।স্থানীয় সাংসদ এম এ মান্নান বলেন, ‘আমরা এখনো এই পাঁচজনকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’