তাঁরা 'আহাম্মকের দল' বললেন আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের নির্বাচনে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সে দেশে ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বাংলাদেশে যারা উচ্ছ্বাস প্রকাশ করছে তাদের ‘আহাম্মকের দল’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা কারও লেজও না, কেউ আমাদের মুনিবও না। ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক আছে, সেটাই থাকবে।’
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর আওয়ামী লীগের এক আলোচনা সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন৷ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
নরেন্দ্র মোদিকে নিয়ে বাংলাদেশে উল্লসিতদের সমালোচনা করে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, ‘আহাম্মকের দল। তাঁদের ন্যূনতম জ্ঞান নেই। না বুঝেই টক শোতে কথা বলছেন। উচ্ছ্বাস প্রকাশ করছেন। যাঁরা বলেন মোদি এসেছে, আওয়ামী লীগ থাকবে না, তাঁদের বলতে চাই, যাঁদের গণতন্ত্র সম্পর্কে সামান্য ধারণা আছে, ফরেন পলিসি সম্পর্কে জানেন, তাঁরা কখনো এটা বলতে পারেন না।’
আওয়ামী লীগের নেতাদের লোভ-লালসা ও ত্যাগের আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, এখন অনেকের ব্যাপারে অনেক কথা পত্রিকায় আসে, এটা সুখবর নয়। বঙ্গবন্ধু সৈনিকদের এমন কোনো কর্মকাণ্ডে জড়িত হওয়া উচিত না, যাতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। কারণ ক্ষমতা চিরস্থায়ী না।
সৈয়দ আশরাফ দলীয় নেতাদের উদ্দেশ করে বলেন, ‘এই যে দেখেন ভারতের লোকসভা নির্বাচন। যে কংগ্রেস ছিল নেহরু, ইিন্দরা গান্ধীর দল তাদের কী অবস্থা৷ যত ভালো কাজই করেন না কেন, জনগণের সঙ্গে খারাপ আচরণ করলে তারা এর জবাব দেবে।’
আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, বিএনপির উল্লাস দেখে মনে হয়েছে, বিজেপি নয় যেন বিএনপি বিজয়ী হয়েছে। তিনি বলেন, ‘দেশের সঙ্গে দেশের সম্পর্ক হয়। দলের সঙ্গে দলের সম্পর্ক হয় না। আমরা আশা করি, বিজেপির শাসনামলে সীমান্ত চুক্তি ও তিস্তা চুক্তি হবে এবং ভারতের বাজারে আমাদের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার অব্যাহত থাকবে।’
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোফাজ্জল হোসেন চৌধুরী, মাহবুব উল আলম হানিফ, কামরুল ইসলাম প্রমুখ৷