তাঁরা ‘নীচু’ বর্ণের! তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-বাগানের পূজামণ্ডপে আগামী ১০ ফেব্রুয়ারি যজ্ঞানুষ্ঠানের দিনক্ষণ ধার্য করা হয়েছে। তবে ‘রবিদাস’ সম্প্রদায়ের ৪০ পরিবারের লোকজন ওই উৎসব দূর থেকে দাঁড়িয়ে দেখবে। এমনকি সেখানে তারা ‘প্রসাদ’ (দেবতার উদ্দেশে দেওয়া খাবারসামগ্রী) বিতরণ করতে পারবে না। কারণ তারা ‘নীচু’ বর্ণের। সভা ডেকে সমাজপতিরা তাঁদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন রবিদাস সম্প্রদায়ের লোকজনকে। অন্যথায় চাঁদা হিসেবে দেওয়া টাকা বা ফসল ফেরত নিয়ে যেতে বলা হয়েছে তাদের। রবিদাস সম্প্রদায়ের লোকজন এতে ক্ষুব্ধ হয়েছে। তারা সমাজপতিদের ওই সিদ্ধান্তকে বর্ণবৈষম্য ও অমানবিক ঘটনা উল্লেখ করে এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি ঘটেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা চা-বাগানের একাংশ তারাপাশা ফাঁড়ি চা-বাগানে।অভিযোগ সূত্রে জানা গেছে, তারাপাশা বাগানে সনাতন (হিন্দু) ধর্মাবলম্বী বিভিন্ন সম্প্রদায়ের প্রায় দেড় হাজার লোক বসবাস করে। তাদের বেশির ভাগই চা-শ্রমিক। এর মধ্যে রবিদাস সম্প্রদায়ের ৪০টি পরিবারের প্রায় আড়াই শ লোক আছে।সূত্র জানায়, গত বছরের (২০১০) ১৭ ডিসেম্বর স্থানীয় পঞ্চায়েত কমিটি বাগানের সর্বজনীন দুর্গামণ্ডপে একটি সভা ডাকে। সেখানে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন অংশ নেন। সভায় আগামী ১০ ফেব্রুয়ারি মণ্ডপে একটি যজ্ঞানুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ৬ জানুয়ারি মণ্ডপে পঞ্চায়েতের আরেকটি সভা হয়। ওই সভায় অন্যান্য সম্প্রদায়ের লোকজন রবিদাস সম্প্রদায়কে ‘নীচু’ বর্ণের উল্লেখ করে তাদের দূর থেকে দাঁড়িয়ে অনুষ্ঠান দেখার এবং প্রসাদ বিতরণে সুযোগ না দেওয়ার প্রস্তাব তোলেন। এ সময় উপস্থিত রবিদাস সম্প্রদায়ের লোকজন এই প্রস্তাবের বিরোধিতা করে। কিন্তু সংখ্যাগরিষ্ঠরা প্রস্তাবের পক্ষে থাকায় তাদের দাবিটি টেকেনি। পরে ১০ জানুয়ারি রবিদাস সম্প্রদায়ের লোকজন এ বিষয়ে জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দেয়।গত মঙ্গলবার বিকেলে তারাপাশায় গেলে স্থানীয় বাসিন্দা ও মাস্টার্স শ্রেণীর শিক্ষার্থী উত্তম কুমার রবিদাস (২৮) ক্ষোভের সঙ্গে বলেন, পঞ্চায়েতের সিদ্ধান্ত অমানবিক। ধর্মগ্রন্থের কোথাও এমন বৈষম্যের কথা উল্লেখ নেই। মানবসৃষ্ট এসব গোঁড়ামি ও কুসংস্কার থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।নন্দলাল রবিদাস (৪০) বলেন, ‘সুখে-দুঃখে আমরা সব সম্প্রদায়ের লোকজন তো একে অন্যের পাশে থাকি। এখন কেন সবাই একসঙ্গে বসে যজ্ঞানুষ্ঠান দেখতে পারব না? কেন প্রসাদ বিতরণের অধিকার আমরা পাব না?’উৎসব উদ্যাপন পর্ষদের সভাপতি স্বপন নাইডু (৫৫) বলেন, ‘আমিও ব্যক্তিগতভাবে চাই, অনুষ্ঠানে সবার সমান অংশগ্রহণ থাকুক। দীর্ঘদিনের ‘‘প্রথা’’ হঠাৎ করে ভাঙা সমস্যা। তবু চেষ্টা চালিয়ে যাচ্ছি।’পঞ্চায়েতের সভাপতি সুরনারায়ণ নাইডু (৬০) সভার সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আসলে কিছু লোককে বোঝানো যাচ্ছে না। দেখি, সমঝোতায় নিয়ে আসা যায় কি না।’জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান অভিযোগের সত্যতা নিশ্চিত করে গতকাল বুধবার প্রথম আলোকে জানান, বিরোধটি মিটমাটের উদ্যোগ নিতে কুলাউড়ার ইউএনওকে দায়িত্ব দেওয়া হয়েছিল।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান চৌধুরী গতকাল দুপুরে বলেন, ‘কাল (আজ বৃহস্পতিবার) বাগানের পঞ্চায়েত কমিটির লোকজনকে আমার কার্যালয়ে ডেকেছি। আশা করছি, বিষয়টি মিটমাট করা সম্ভব হবে।’