তাঁরা 'মৌসুমি' রিকশাচালক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিকশা নিয়ে গ্যারেজে দুপুরের খাবার খেতে এসেছিলেন সুশান্ত। ছবি: লুৎফরজামান
রিকশা নিয়ে গ্যারেজে দুপুরের খাবার খেতে এসেছিলেন সুশান্ত। ছবি: লুৎফরজামান

পেটানো শরীর। নতুন লুঙ্গি পরনে। গায়ে টি–শার্ট। সব মিলিয়ে চেহারায় গৃহস্থের ছাপ স্পষ্ট। গ্রামে কোনো কাজ না থাকায় ঈদ সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলার বাসিন্দা সুশান্ত চন্দ্র বর্মণ রাজধানীতে এসেছেন রিকশা চালাতে। ঈদের পর গ্রামে ফিরে যাবেন। তার আগে সকাল-সন্ধ্যা পরিশ্রম করছেন। কারণ, ১৫ হাজার টাকা দরকার সুশান্তের।

সুশান্তের মতো ঈদ সামনে রেখে ঢাকা শহরে এসেছেন অনেক ‘মৌসুমি’ রিকশাচালক। ঢাকার পূর্ব রাজাবাজার, কাঁঠালবাগান, লালবাগ ও কামরাঙ্গীরচরের বিভিন্ন রিকশা গ্যারেজে এমন রিকশাচালকের ভিড় এখন চোখে পড়ার মতো। তাঁদের কেউ রমজান শুরুর দু–এক দিন আগে, কেউ রমজান শুরুর দু-এক দিন পর ঢাকায় এসেছেন। অনেকে ঈদের দুদিন আগে, আবার অনেকে ঈদের দু-তিন দিন পর বাড়ি ফিরবেন।

মৌসুমি রিকশাচালকেরা সারা বছর গ্রামে কৃষি কিংবা অন্য পেশায় কাজ করেন। রমজানে, বিশেষ করে আষাঢ় শুরুর আগে তাঁদের হাতে কাজ কম থাকে। এ ছাড়া কোনো না কোনো বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) ঋণ তাঁদের ঢাকায় আসার অন্যতম কারণ। অলস বসে না থেকে এই সময়ে টাকা উপার্জনের জন্য ঢাকায় আসা তাঁদের। ছেলেমেয়ের পড়ালেখার খরচ মেটাতে ঢাকা এসেছেন কেউ কেউ।

কামরাঙ্গীরচরে গোপাল চন্দ্র বর্মণের রিকশা গ্যারেজে কথা হলো তিন ছেলেমেয়ের বাবা সুশান্ত বর্মণের সঙ্গে। তাঁর বড় মেয়ে এ বছর মাধ্যমিক পরীক্ষা দেবে। মেজো মেয়ে পড়ছে ষষ্ঠ শ্রেণিতে। আর ছেলেটি ছোট। গ্রামে সুশান্তের নিজের কিছু জমি আছে। কিছু জমি বর্গা নেওয়া—এসব জমিতে নিজেই আবাদ করেন তিনি।

ঢাকায় এবারসহ কতবার এলেন—লাজুক হেসে সুশান্ত বলেন, ‘এইবার আর আগেরবার আসছিনু। বাড়িত থাকিয়া কী করমো। ছাওয়া-পোওয়া আছে। ট্যাকা কামাই তো করাই নাগে।’ এরপর তিনি বলেন, জমিতে ধান লাগাতে টাকা দরকার। আর ছেলেমেয়েদের জন্যও টাকা দরকার। সব মিলিয়ে ঈদের আগে ১৫ হাজার টাকা উপার্জন করতে চান তিনি।

টাকা উপার্জন করার পাশাপাশি এসব চালকের খরচও আছে অনেক। দিনে ১০০ টাকা রিকশাভাড়া। তিনবেলা খাওয়ার জন্য মেসে দিতে হয় ১০০ থেকে ১৫০ টাকা। আর মালিকের রিকশা গ্যারেজে থাকার ব্যবস্থা আছে। কেউ থাকেন, কেউ থাকেন না। যাঁরা মেসে থাকেন, তাঁদের মাসে মেসভাড়া দিতে হয় ১০০ টাকা। থাকার টাকা বাদ দিলে প্রতিদিন গড়ে একজন মৌসুমি রিকশাচালকের খরচ ৩০০ টাকা। সব খরচ বাদ দিয়ে প্রতিদিন গড়ে ৪০০ টাকা থেকে ৫০০ টাকা উপার্জন করেন একেকজন মৌসুমি রিকশাচালক।

মৌসুমি রিকশাচালক মো. সালাম মণ্ডল। রাজধানীর পূর্ব রাজাবাজারের একটি গ্যারেজ থেকে রিকশা নিয়ে চালান তিনি। গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর উপজেলায়। ২৯ বছর বয়সী সালামের দুটি সন্তান আছে। গ্রামে কৃষিকাজ করা সালাম এসেছেন কিছু টাকা জমানোর জন্য। দুপুরে যখন গ্যারেজে তাঁর সঙ্গে কথা হলো, তখন তিনি রিকশা সারাচ্ছিলেন। সালাম বলেন, ‘সকাল আটটায় বাইর হইছি। গ্যারেজে ফিরছি সাড়ে ১১টায়। দুপুরে ভাত খায়া রেস্ট নিয়া তারপর আবার বাইর হয়া যাব।’

এবারসহ সালাম রমজানে তৃতীয়বারের মতো ঢাকায় এলেন। তাঁর ইচ্ছা ১২ হাজার টাকা বাড়ি নিয়ে যাওয়া। এখন পর্যন্ত জমা করতে পেরেছেন পাঁচ হাজার টাকা। বাকি টাকা কীভাবে উপার্জন করবেন, সেটা নিয়ে একটু চিন্তিত দেখাল তাঁকে।

বগুড়ার ধুনট উপজেলার সাইফুল ইসলামও মৌসুমি রিকশাচালক। ২৭ রোজায় বাড়ি যাবেন তিনি। এর আগে তিনি সকাল-সন্ধ্যা রিকশা চালাচ্ছেন। তাঁদের গ্যারেজে তিনবেলা খাবারের জন্য একটু খরচ বেশি। খাওয়ার পেছনে দিনে ১৫০ টাকা খরচ করতে হয়। এ ছাড়া আর কোনো সমস্যা নেই তাঁর। সাইফুল বলছিলেন, ‘ট্যাকা কামাইও আছে, খরচও মেলা। এক দিন বসে থাকলে জমা ট্যাকা খরচ হয়া যায়। ট্যাকা কামাই করা কষ্ট আছে।’