তাঁরা ‘স্বপ্নের সেতু’র কথা মাথায় রাখবেন
‘ভোটের আগোত সকলি কয় এই লদীত বিরিজ বানামু। ভোট শ্যাষ হলে আর কেউ খবরও লেয় না। সকলি হামাকোরক ধোঁকা দিয়া যায়। এইবার আর ধোঁকা দিবার পারবি না।’ কথাগুলো বলছিলেন বগুড়ার শিবগঞ্জ পৌরসভার অর্জুনপুর মহল্লার কৃষক আবু আক্কাছ (৪৫)। কাজের জন্য প্রতিদিনই তাঁকে উপজেলা সদরে আসতে হয়। কিন্তু গ্রামের পাশ দিয়ে বয়ে চলা করতোয়া নদীর ওপর সেতু না থাকায় তাঁকে কখনো নৌকায় কখনো বা নৌকা না পেয়ে পানি মাড়িয়ে যাতায়াত করতে হয়। শিবগঞ্জ শহরের পাশ দিয়ে প্রবাহিত করতোয়া নদীর এ পারে শহর আর ওপারে পৌরসভার দুটি ওয়ার্ড। অর্জুনপুর নদী ঘাটে একটি সেতুর অভাবে ওই দুই ওয়ার্ডের প্রায় ছয় হাজার মানুষকে চরম বিড়ম্বনার মধ্যে বছরের পর বছর কাটাতে হচ্ছে। সেতুটি না থাকায় মাত্র পাঁচ মিনিটের পথ ঘুরে চলাচল করতে হচ্ছে দুই কিলোমিটার। এলাকাবাসীর স্বপ্নের এ সেতুর বিষয়টি মাথায় রেখেই এবারের পৌরসভা নির্বাচনে ভোট দেবেন ওই দুই ওয়ার্ডের ভোটাররা।গ্রামবাসী জানান, শুধু একটি সেতুর অভাবে এলাকার শিক্ষা ব্যবস্থা নাজুক হয়ে পড়েছে। বিশেষ করে মেয়েদের শিক্ষার হার একেবারে কম। চিকিৎসাসেবার অবস্থা আরও ভয়াবহ। রাতে বড় ধরনের কোনো অসুখ হলে মানুষের দুর্ভোগের শেষ থাকে না। উপজেলা সদরের এত কাছে থেকেও ওই দুই ওয়ার্ডের মানুষ আধুনিকতার সামান্য সুযোগ-সুবিধাও পায় না সেতু না থাকায়। একটি পাকা সেতু নির্মাণ করার জন্য তারা এমন কেউ নেই যার কাছে ধরনা দেননি। অর্জুনপুর মহল্লার ভোটার বিপুল হাসান (২৫) বলেন, ‘আমরা সবার কাছেই এই সেতুর জন্য দাবি জানিয়েছি। কিন্তু আজ পর্যন্ত সেটি হয়নি। আমরা এবার এই সেতুর বিষয়টি মাথায় রেখে ভোট দেব।’ বেড়াবালা মহল্লার ভোটার আজিজুল ইসলাম (৩৫) বলেন, ‘আগের দিন আর নেই। এখন সবাই সচেতন। এবারও প্রার্থীদের কাছ থেকে সেতু নির্মাণের প্রতিশ্রুতি পেয়েছি। আমরা নতুন-পুরোনো প্রতিশ্রুতির হিসাব-নিকাশ করেই ভোট দেব।’