তাঁরা ‘স্বশিক্ষিত’ প্রার্থী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা জেলার তিনটি পৌরসভা—বরগুনা, বেতাগী ও আমতলীতে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়া বেশির ভাগ প্রার্থী হলফনামায় নিজেদের শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত বলে উল্লেখ করেছেন। অনুসন্ধান করে দেখা যায়, বরগুনা সদর পৌরসভায় সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিনটি পদে আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে তিনজন তাঁদের শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন পঞ্চম ও অষ্টম শ্রেণী পাস, তিনজন এইচএসসি ও দুজন স্নাতক পাস। সাধারণ আসনের কাউন্সিলরের নয়টি পদে ৩৫ জন প্রার্থীর অষ্টম শ্রেণী পাস ছয়জন, এসএসসি পাস নয়জন, এইচএসসি পাস ১০ জন, স্নাতক পাঁচজন এবং স্বশিক্ষিত পাঁচজন।আমতলী পৌরসভার তিনটি সংরক্ষিত আসনে কাউন্সিলর পদে নয়জন প্রার্থীর মধ্যে পঞ্চম ও অষ্টম শ্রেণী পাস ছয়জন, এসএসসি পাস একজন ও এইচএসসি পাস দুজন। সাধারণ আসনে কাউন্সিলর পদে ৩১ জন প্রার্থীর মধ্যে চতুর্থ ও অষ্টম শ্রেণী পাস ১১ জন, এসএসসি পাস ১০ জন, এইচএসসি পাস তিনজন, স্নাতক পাস পাঁচজন এবং শিক্ষাগত যোগ্যতা স্বশিক্ষিত উল্লেখ করেছেন দুজন।বেতাগী পৌরসভার তিনটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সাত প্রার্থীর ছয়জনই শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করেছেন স্বশিক্ষিত। সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দেওয়া ৩২ জনের মধ্যে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস উল্লেখ করেছেন তিনজন, এসএসসি পাস তিনজন, এইচএসসি আটজন, স্নাতক পাস তিনজন, স্নাতকোত্তর চারজন ও স্বশিক্ষিত উল্লেখ করেছেন ১১ জন।‘স্বশিক্ষিত’ সম্পর্কে জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান বলেন, প্রার্থিতার ক্ষেত্রে নির্বাচন কমিশন থেকে শিক্ষাগত যোগ্যতার কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি বলে এসব নিয়ে তাঁরা প্রশ্ন তোলেননি।সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরগুনা জেলা সভাপতি অধ্যক্ষ রাজিয়া বেগম বলেন, স্বশিক্ষিত বলতে সাধারণত আলোকিত মানুষদের বোঝানো হয়। এখন প্রার্থীরা স্বশিক্ষিত বলতে শিক্ষাক্ষেত্রের কোন স্তরকে বুঝিয়েছেন তা তাঁরাই ভালো বলতে পারবেন। তিনি আরও বলেন, পৌর এলাকায় সাধারণত শিক্ষিত ও সচেতন নাগরিকেরা বসবাস করেন। সে ক্ষেত্রে পৌর নির্বাচনে অবশ্যই কাউন্সিলর ও মেয়র প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে দেওয়া প্রয়োজন।