তাঁরাও পাচ্ছেন মাতৃত্ব ভাতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুমি আক্তারের (২০) স্বামী মো. হেলাল উদ্দিন দুটি ট্রলারের মালিক। একটি নিজেই চালান। অন্যটি চলে ভাড়ায়। রয়েছে কৃষিজমিও। এ থেকে যা রোজগার হয় তা দিয়ে ভালোভাবেই চলে সংসার। তবু দরিদ্র মায়েদের তালিকায় নাম লিখিয়ে মাতৃত্বকালীন ভাতা নিচ্ছেন সুমি।
সুমির বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও গ্রামে। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা। তাঁর মতো দরিদ্র মায়ের মোড়কে উপজেলার ৫৬ জন সচ্ছল গর্ভবতী মা অবৈধভাবে মাতৃত্বকালীন ভাতা নিচ্ছেন।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ‘দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা প্রদান’ কর্মসূচির আওতায় গত বছরের জুলাই থেকে উপজেলার ছয় ইউনিয়নের ১৮৬ জন গর্ভবতী নারীকে ভাতা দেওয়া হচ্ছে। প্রত্যেককে মাসে দেওয়া হচ্ছে ৫০০ টাকা করে। ছয় মাস পরপর এসব নারী স্থানীয় সোনালী ব্যাংকে নিজের হিসাব নম্বর থেকে টাকা উত্তোলন করেন। তাঁরা ওই ভাতা পাবেন ২০১৭ সালের জুন পর্যন্ত। গর্ভবতী হওয়ার তিন মাস থেকে পরবর্তী দুই বছর পর্যন্ত তাঁরা ভাতা পাবেন। নিয়ম অনুযায়ী, দরিদ্র ও দুস্থ গর্ভবতী মায়েরাই ওই ভাতা পাবেন।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আমেনা বেগম বলেন, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যরা অন্তঃসত্ত্বা দরিদ্র মায়েদের তালিকা তৈরি করে তাঁর কার্যালয়ে জমা দেন। ওই তালিকা ধরেই ভাতা দেওয়া হয়। অনিয়ম করে তাঁরা সচ্ছল নারীদের নামও তালিকায় জুড়ে দেন। রাজনৈতিক কারণে তালিকা থেকে সেসব নারীর নাম বাদ দেওয়াও যায় না।
উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভাতাভোগী ১৮৬ জন গর্ভবতী নারীর ৫৬ জনই সচ্ছল। নায়েরগাঁও উত্তর ইউনিয়নের ফেরদৌসী আক্তার, উপাদী দক্ষিণ ইউনিয়নের সালমা আক্তার ও খুকি আক্তার এবং উপাদী উত্তর ইউনিয়নের পারভীন আক্তারসহ বিভিন্ন ইউনিয়নের আরও ১০-১২ জন গর্ভবতী মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে তাঁরা সবাই সচ্ছল। খুকি আক্তার বলেন, তাঁর আর্থিক অবস্থা ভালো। তবু ভাতা নিচ্ছেন।
নায়েরগাঁও দক্ষিণ ইউপির চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, আগের চেয়ারম্যান ওই তালিকা করেছেন। সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, মাতৃত্বকালীন ভাতার জন্য তিনি যে তালিকা দিয়েছেন তাতে অনিয়ম হয়নি। উপাদী উত্তর ইউপির সদস্য রেহেনা আক্তার বলেন, তাঁর ওয়ার্ড থেকে তিনি যে তালিকা দিয়েছেন সেখানে দু-চারজন ছাড়া সবাই গরিব।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম বলেন, মাতৃত্বকালীন ভাতার তালিকায় অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন।