চালকলমালিক
‘তাঁহাদের’ সাহসের তারিফ করতে হয়
চালকলমালিকদের ‘মান দেব তো চাল দেব না’ ধরনের হুঁশিয়ারি নতুন কিছু নয়। সরকারের ‘ব্যবস্থা গ্রহণ’, ‘কঠোর হওয়ার’ মতো বক্তব্যগুলোও পুরোনো ধারাপাত।
খাদ্যনিরাপত্তার একটি বড় আহকাম বা বিধান হচ্ছে মজুত ঠিক রাখা। রাষ্ট্রের গুদামে কতটুকু চাল আছে, তা দিয়ে মাপা হয় খাদ্যনিরাপত্তার তাকত (সক্ষমতা)। নানা কারণে এখন দেশের খাদ্য মজুত পরিস্থিতি ভালো নয়। গত বছরের একই সময়ের তুলনায় মজুত কম প্রায় ছয় লাখ টন।
চাল-গম মিলিয়ে গত বছর এই সময়ে সরকারের গুদামে মজুত ছিল প্রায় ১৫ লাখ মেট্রিক টন খাদ্যশস্য। এখন আছে ১০ লাখ মেট্রিক টনের মতো। শুধু চালের হিসাবে মজুত ৬ লাখ মেট্রিক টনের নিচে। গত বছর এ সময়ে গুদামে চাল ছিল প্রায় ১১ লাখ মেট্রিক টন। মাস দুয়েকের মধ্যে মজুত প্রায় ৩ লাখ মেট্রিক টন কমেছে। এর মানে হলো সরকারের গুদামে চাল দ্রুত কমতির দিকে।
এ রকম এক ‘ত্রাহি মধুসূদন’ অবস্থায় চালকলের মালিকেরা এককাট্টা হয়ে সরকারকে জানিয়ে দিয়েছে, ‘যা পারেন করেন, আমরা চাল দেব না।’ তাঁদের ঘোষণা, কেজিপ্রতি কমপক্ষে চার টাকা করে বাড়তি দাম না দিলে এক দানা চালও দেওয়া হবে না। মিলমালিকেরা কোনো চুক্তিতে যেতেও রাজি নন। তাঁদের কথা মোটামুটি এমন যে ‘ফেলো কড়ি মাখো তেল’।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার প্রসিদ্ধ চাল ব্যবসায়ী। তিনি বারবার আমদানির জুজু দেখালেও মালিকেরা তাতে ভয় না পেয়ে বরং সরকারকে অঙ্ক বুঝিয়ে দিয়েছেন। চালকলমালিকদের সংগঠন বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক কে এম লায়েক আলীর বয়ান অনুযায়ী, সরকার মোট চালের চাহিদার মাত্র ৪ শতাংশ আমদানি করার তৌফিক রাখে। বাকি ৯৬ শতাংশ সরবরাহ করেন চালকলমালিকেরা। বাংলাদেশের ১৮ হাজার চালকল দিনরাত পরিশ্রম করে সেটা সম্ভব করে।
চালকলমালিকদের অভিযোগ, করোনাকালে সবাই প্রণোদনা পেল, শুধু পেলেন না তাঁরা। তাঁদের বক্তব্য, ‘খাদ্যমন্ত্রীর কাছে ১০ হাজার টাকা প্রণোদনা চাইলেও দেননি।’ স্পষ্টত এটা ঘরের লোকের কাছে মান-অভিমানের কথা। চালকলমালিকদের নেতারা বগুড়ায় সভা করে ‘বগুড়া ঘোষণা’ জারির প্রাক্কালে দাবি করেছেন, করোনার সময় অন্য সব মিলকারখানা বন্ধ থাকলেও এক ঘণ্টার জন্যও চালকল বন্ধ থাকেনি। মালিকেরা জনস্বার্থে কাজ করেছেন। সরকার তাঁদের দিকে ফিরেও তাকায়নি।
ইতিহাস অবশ্য অন্য কথা বলে। গত বোরো মৌসুমেও চালকলমালিকেরা চুক্তি অনুযায়ী সরকারকে চাল সরবরাহ করেননি। উল্টো করোনা দুর্যোগের মধ্যেও বাজারে চালের দাম আরও বাড়িয়ে দেন তাঁরা, যে কারণে পাইকারি ও খুচরা বাজারেও সরু, মাঝারি ও মোটা চালের দাম বেড়ে যায়।
বগুড়া জেলার চিত্রটি দেখা যাক। গত বোরো মৌসুমে জেলার ১২টি উপজেলার ২৪টি গুদামে প্রায় ৭২ হাজার মেট্রিক টন চাল সরবরাহের জন্য ১ হাজার ৫৫৬ জন মিলমালিক চুক্তি করেন। খাদ্য বিভাগ চুক্তিবদ্ধ চালকলমালিকদের বারবার তাগাদা দিলেও তাঁরা সাড়া দেননি। শেষে চুক্তিভঙ্গের দায়ে ২৪৮ জন মিলমালিককে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করা হয়।
ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হলে যেকোনো দুর্যোগজনিত মানবিক সংকটে সরকার বিপাকে পড়ে। এ ছাড়া আসন্ন শুকনা মৌসুমে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিসহ অন্যান্য সামাজিক সুরক্ষা কর্মসূচির পরিসর বাড়ানোর চাপ আছে। সরকার যে নানাবিধ চাপে রয়েছে, বিষয়টি আঁচ করতে পেরেই চালকলমালিকেরা সুযোগ নিচ্ছেন। সরকারও কঠোর হচ্ছে, আমদানির কথা বলছে, শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিচ্ছে।
চালের মজুত এখন ৬ লাখ টনের নিচে। গত বছরের এ সময়ের তুলনায় তা প্রায় অর্ধেক।
এবার কি পারবে সরকার?
চালকলমালিকদের ‘মান দেব তো চাল দেব না’ ধরনের হুঁশিয়ারি নতুন কিছু নয়। সরকারের ‘ব্যবস্থা গ্রহণ’, ‘কঠোর হওয়ার’ মতো বক্তব্যগুলোও পুরোনো ধারাপাত।
২০১৭ সালে বোরো মৌসুমেও মিলমালিকেরা সরকারকে চাল দিতে অস্বীকৃতি জানান। দফায় দফায় দেনদরবার করেও সেবার তাঁদের চুক্তির আওতায় আনা যায়নি। ফলে চাল কেনার লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয় সরকার। শেষমেশ খাদ্য মন্ত্রণালয় চাল না দেওয়া মিলারদের চার মৌসুমের জন্য কালো তালিকাভুক্ত করার ঘোষণা দেয়। ইংরেজরা যার নাম দিয়েছে ‘ব্ল্যাক লিস্ট’। পাঠক জানেন, কালোকে সাদা, সাদাকে কালো করার জন্য এ দেশে জাদু লাগে না। অন্য অনেক জাদু আছে, সেসব জাদুর বলে অচিরেই সব মাফ হয়ে যায়।
এর আগে ২০১০ সালে খাদ্যমন্ত্রী ছিলেন কৃষিবিদ আব্দুর রাজ্জাক (বর্তমানে কৃষিমন্ত্রী)। তিনি সেবার চালকলমালিকদের চুক্তিমতো চাল সরবরাহের অনুরোধ করেন। চালকলমালিকদের জোট তখন কেবল দানা বাঁধছে। আজকের বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক লায়েক আলী তখন এ সংগঠনের আহ্বায়ক। মালিকেরা মন্ত্রীর অনুরোধে সাড়া দিলেন না। মন্ত্রী আশপাশে না তাকিয়েই বললেন, চাল না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিবিসির সংবাদদাতা তখন মন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, সরকার কী ব্যবস্থা নিতে পারে? জবাবে মন্ত্রী বলেন, ‘চুক্তি অনুযায়ী চাল সরবরাহ না করলে চালকলমালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সরকার চাইলে চালকলের লাইসেন্স বাতিল করতে পারে।’
মন্ত্রীর এই সতর্কবাণীর পর মিল মালিক সমিতির তখনকার আহ্বায়ক লায়েক আলী বলেন, সরকারের উচ্চপর্যায় থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
সেই সময়, ২০১০ সালে ১২ লাখ মেট্রিক টন ধান-চাল সংগ্রহ করার লক্ষ্যে তৎকালীন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক প্রতি কেজি চালে বাড়তি তিন টাকা উৎসাহ মূল্য দেওয়ার কথা ঘোষণা দেন। সরকারের নরম অবস্থান টের পেয়ে তখন চালকলমালিকেরা নতুন বায়না ধরেন। দাবি করেন, ওই মৌসুমে আগে সরবরাহ করা চালের জন্যও এই উৎসাহ মূল্য দিতে হবে। এই দাবি পূরণ না হওয়ায় তাঁরা সরকারি গুদামে চাল দেওয়া বন্ধ করে দেন।
সেবারও খাদ্যমন্ত্রী বলেছিলেন, চালকলমালিকেরা সরকারি গুদামে চাল সরবরাহ বন্ধ করে দিলেও খাদ্যের কোনো সংকট হবে না। সরকার বিদেশ থেকে বিপুল পরিমাণ গম কিনছে, ‘নো প্রবলেম’। পরের ঘটনা সবার জানা। বলে রাখা ভালো, চুক্তি না মানার কারণে সরকার কোনো চালকলের লাইসেন্স বাতিল করেনি।
চালকলমালিকেরা বোরো মৌসুমেও চুক্তি অনুযায়ী সরকারকে চাল সরবরাহ করেননি।
সম্প্রতি খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির এক ভার্চ্যুয়াল সভায় চাল আমদানির পাক্কা সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সরকারি বিতরণ চাহিদা মিটিয়ে চলতি অর্থবছর শেষে সমাপনী মজুত সন্তোষজনক পর্যায়ে রাখা ও খাদ্যনিরাপত্তার জন্য মজুত গড়ে তোলার যুক্তি তুলে ধরা হয়। পাশাপাশি মোটা চালের আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর এবং সার্বিক খাদ্য পরিস্থিতি বিবেচনা করে চলতি অর্থবছরে দুই থেকে তিন লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়।
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা গত ২২ নভেম্বর নিজের নির্বাচনী এলাকা নওগাঁর সাপাহারে গিয়ে বলে এসেছেন। মন্ত্রী বলেছেন, শুধু সরকার নিজে প্রয়োজনমাফিক চাল আমদানি করবে। বেসরকারি আমদানিকারকদের সুযোগ দেওয়া হবে না। এরই মধ্যে আমদানির লক্ষ্যে দরপত্র আহ্বান করা হয়েছে। যদিও বেসরকারি খাতে চাল আমদানি একেবারে বন্ধ নেই। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির ভার্চ্যুয়াল সভায় জানানো হয়, গত জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রায় ৬০ মেট্রিক টন চাল ও ১৭ লাখ মেট্রিক টন গম আমদানি করা হয়েছে।
তবে এখন পর্যন্ত বলা হচ্ছে, চাল আমদানির সিদ্ধান্তটি নীতিগত। প্রয়োজন হলেই কেবল আমদানি করা হবে। শুল্ক কমিয়ে বেসরকারিভাবে চাল আমদানি করা হবে না। ২০১৭ সালের মতো শুল্ক উঠিয়ে দিলে ব্যবসায়ীরা প্রয়োজনের চেয়ে অনেক বেশি আমদানি করবেন। কোনো ভারসাম্য থাকবে না। আবার যথাযথ তদারকির অভাবে খাওয়ার অনুপযোগী নিম্নমানের চাল চলে আসারও আশঙ্কা থাকে। কারও বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার রেওয়াজ না থাকলে পরিস্থিতি লেজেগোবরে হয়ে যেতে কতক্ষণ?
বর্তমানে চালের আমদানি শুল্ক-কর ৫৫ শতাংশের মতো। আমদানি করে খাদ্যনিরাপত্তাবলয় তৈরি করতে গেলে উচিত হবে প্রকৃত বেসরকারি আমদানিকারকদের সঙ্গে আলোচনা করে শুল্ক যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা। একতরফা সিদ্ধান্তে লাভের চেয়ে ক্ষতির আশঙ্কা বেশি থাকে।
চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ না হলে দুর্যোগজনিত সংকটে সরকার বিপাকে পড়ে।
বিকল্প কোনো পথ আছে কি?
খাদ্য বিভাগের চৌকিদার থেকে শীর্ষ ব্যক্তি—সবাই জানেন যে অর্ধেকের বেশি নিবন্ধিত চালকল ‘কেতাবে আছে, গোয়ালে নেই’। মালিকদের সংগঠনে কেতাবে থাকা মিলের মালিকদের চোটপাট বেশি। নিন্দুকেরা বলে বেড়ান, তাঁরা ক্ষমতাসীন দলের ছায়ায় চলেন। নামসর্বস্ব মিলে চাল উৎপাদিত হয় না। ডিও (সরবরাহ আদেশ) ব্যবসায়ী ও খাদ্য বিভাগের একশ্রেণির অসৎ গুদাম কর্মকর্তার যোগসাজশে ভুয়া মিলমালিকেরা কাগজে-কলমে চাল সরবরাহ করেন।
একবার ঠাকুরগাঁওয়ে গিয়ে এক মিলমালিককে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি জানিয়েছিলেন, তাঁদের এলাকায় ছয় থেকে সাতটি ছাড়া বাকি অটো রাইস মিল সারা বছর বন্ধ থাকে। বন্ধ মিলের মালিকেরা ব্যাংক থেকে ঋণ নিয়ে টাকা ধান-চাল মজুতদারিতে খাটান। বাজারে দাম বাড়লে অন্য জেলার ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন।
দেশে একসময় ছোট চালকল ও চাতালমালিকদের কাছ থেকেও চাল কেনার রেওয়াজ ছিল। এখন আমরা আধুনিক হয়েছি। নতুন প্রযুক্তির ‘কালার সটার’ যন্ত্র দিয়ে চাল চকচকে করতে না পারলে খাদ্য কর্মকর্তা চাল গুদামে ঢোকার অনুমোদন দেন না। কম পুঁজির চাতাল ব্যবসায়ীদের ‘কালার সটার’ যন্ত্র নেই। তাঁদের ছোট চালকলে ওই যন্ত্র স্থাপন করা দুঃসাধ্য ব্যাপার। অন্যের কারখানায় নিয়ে গিয়ে চাল চকচকে করার খরচ বেশি পড়ে, পড়তা (লাভ) হয় না। অতীতে চকচকে না হলেও চাল কিনেছে খাদ্য বিভাগ। সেই চালের পুষ্টিগুণ ছিল। এখনকার চাল দেখতে চকচক করে বটে, তবে পুষ্টিগুণ কম।
কাগুজে মিলের মালিকদের বাদ দিয়ে একটি সঠিক তালিকা এখন সময়ের দাবি।
ধানের দাম বেশি বলে চালের দাম বেশি—এ যুক্তি তুলে ধরে যে বাহাস চলছে, সেটাও আমাদের ঠান্ডা মাথায় খতিয়ে দেখতে হবে। ধান থেকে শুধু চাল হয় না। খুদ হয়, কুঁড়া হয়। কুঁড়া দিয়ে কুঁড়ার তেল হয়। এসব উপজাতের দামও বেড়েছে। তাই ধানের বাড়তি দাম শুধু চাল বেচে পুষিয়ে নিতে হবে, এটা কোনো সৎ যুক্তি নয়।
কাগুজে মিলের মালিকদের বাদ দিয়ে চালকলের একটি সঠিক তালিকা এখন সময়ের দাবি। ভুয়া মিলের মালিকদের নাম ব্যাংকে দিয়ে তাঁদের প্রণোদনামূলক ঋণের বাইরে রাখতে হবে। না হলে তাঁদের ‘মাছের তেলে মাছ ভাজা’ বন্ধ হবে না। চাতালমালিক আর ছোট চালকলের মালিকদের আস্থায় নিয়ে তাঁদের কাছ থেকে ‘কালার সটার’ ছাড়াই চাল কেনার ব্যবস্থা করতে হবে।
খাদ্যনিরাপত্তা বিশেষজ্ঞদের ধারণা, দেশের ছোট-বড় কৃষকের কাছে ৪৫ লাখ মেট্রিক টনের মতো চাল মজুত থাকে। সম্প্রতি প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এম এম শওকত আলী এ বিষয়ে আলোকপাত করেছেন। ন্যায্যমূল্য দিলে আর হয়রানি ছাড়া নগদে দাম পরিশোধ করলে তাঁরাও চাল বিক্রিতে উৎসাহিত হবেন। সে ক্ষেত্রে টনে টনে না কিনে মণ দরে কেনার ব্যবস্থাপনায় যেতে হবে।
ছোট আর মাঝারি কৃষকের ফসল রাখার নির্ভরযোগ্য ব্যবস্থা তৈরির জন্য ১৯৮১ সালে গ্রামে-গঞ্জে ও হাটে ২৫ মেট্রিক টন ধারণক্ষমতার গুদাম তৈরি করা হয়েছিল। সেখানে মৌসুমের শুরুতে প্রান্তিক ও ছোট কৃষকেরা পণ্য রেখে দিতেন। প্রয়োজনের সময় বিক্রি করতেন। সেসব এখন শিকেয় উঠেছে। কৃষি ও কৃষকবান্ধব সেই ব্যবস্থায় আমাদের ফিরতে হবে। যেকোনো বিকল্প ভাবার ক্ষেত্রে কৃষকের স্বার্থটাই আগে দেখতে হবে।
গওহার নঈম ওয়ারা: লেখক ও গবেষক