তাআমির উদ-দ্বীনের জঙ্গি সদস্য জাহিদ কারাগারে
গোপন জঙ্গি সংগঠন তাআমির উদ-দ্বীন বাংলাদেশের কথিত সামরিক শাখার কমান্ডার ৯০ বছরের সাজা পাওয়া জঙ্গি এ বি জাহিদ হোসেন ওরফে বাবুকে (৩৫) একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার কারাফটক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জানান, জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত জাহিদকে ২০০৯ সালের একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হলে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।পুলিশ সূত্র জানায়, ২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার দিন বরিশালে বোমা হামলার ঘটনায় জড়িত বলে জাহিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। জঙ্গি তৎপরতার অভিযোগে বরিশালে তাঁর বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। এ ছাড়া তিনি ফেনীতে ২০০৬ সালে একটি অপহরণ মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁর বাড়ি বরিশাল শহরের সিঅ্যান্ডবি রোডে। তিনটি মামলার রায়ে তাঁকে ৯০ বছরের কারাদণ্ড দিয়েছেন নিম্ন আদালত।