তাইওয়ানি দম্পতি হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় তাইওয়ানি দম্পতি ওয়াং লি চি (৬৮) ও তাঁর স্ত্রী লিলি হুয়াকে (৬০) হত্যাচেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

এঁরা হলেন সাজু মিয়া ও তাঁর ভাই লাজু মিয়া, এবায়দুল হক ও হালিমা বেগম।

গতকাল বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ড বাজার থেকে হালিমাকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এবায়দুলকে এবং সাভারের আশুলিয়া এলাকা থেকে সাজু ও লাজুকে গ্রেপ্তার করে র‍্যাব-১-এর একটি দল।

আজ শুক্রবার সকালে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে এ কথা জানান র‍্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদ।

উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৪/এ সড়কে একটি বাড়িতে ২০১৫ সালের ৫ নভেম্বর রাতে ঢুকে এক তাইওয়ানি দম্পতিকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। যাওয়ার সময় বাড়ি থেকে দুর্বৃত্তরা ৬ লাখ টাকাও নিয়ে যায়। পরে এ ঘটনায় মো. জাহাঙ্গীর নামের একজনকে আটক করে পুলিশ।

ওই সময় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ওই দম্পতির দুই কর্মচারীসহ তিনজন ওই বাসায় চুরি করতে ঢুকেছিল। ওয়াং লি চি ও তাঁর স্ত্রী লিলি হুয়া চিনে ফেলায় এ হামলার ঘটনা ঘটে। ওয়াং ও লিলি দম্পতির গাজীপুরের বড়বাড়ী এলাকায় ‘জিং জিং ইয়াং ইন্টারন্যাশনাল কোম্পানি’ নামের প্লাস্টিকের দরজা তৈরির একটি কারখানা ছিল। উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৪/এ সড়কে একটি বাড়িতে থাকেন। বাড়ির নিচতলা ও দুই তলায় তাঁদের ব্যবসায়িক কার্যালয় ছিল।

ঘটনার সময় রাত ১২টার দিকে ওয়াং ও লিলি দম্পতি ঘুমাচ্ছিলেন। কয়েকজন লোক বাড়ির ভেতরে ঢোকে। এ সময় জেগে ওঠেন লিলি। তখন ওই ব্যক্তিদের একজন ধারালো অস্ত্র দিয়ে লিলির মাথায় আঘাত করে। হট্টগোলে ওয়াং জেগে ওঠেন। তখন তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে ওয়াংয়ের মাথার পেছনে গুরুতর জখম হয়। দুষ্কৃতকারীরা বাসায় থাকা ৬ লাখ টাকা নিয়ে দ্রুত বের হয়ে যায়। আহত অবস্থায় কোনোমতে প্রতিষ্ঠানের একজন কর্মকর্তাকে ফোন করেন ওয়াং। ওই কর্মকর্তাসহ কয়েকজন রাতেই তাঁদের রাজধানীর অ্যাপোলো হাসপাতালে নিয়ে যান।