তাইওয়ানের বিশ্ববিদ্যালয়ে ইউনূস সেন্টার
তাইওয়ানের ন্যাশনাল সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় ও রোটারি ক্লাব অব তাইওয়ানের আমন্ত্রণে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১০ এপ্রিল তাইওয়ান সফরে যান। তাঁর এই সফরকালে ‘ইউনূস সামাজিক ব্যবসা সেন্টার’ স্থাপনের উদ্দেশ্যে ১৪ এপ্রিল ইউনূস সেন্টার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে ‘সমঝোতা চুক্তি’ হয়।
এই সেন্টারের লক্ষ্য ও উদ্দেশ্য হবে, ‘সামাজিক ব্যবসা’ বিষয়ের ওপর কোর্স এবং গবেষণার সুযোগ করা, ডিজাইন ল্যাবের আয়োজন করা, সম্মেলন, মতবিনিময় অনুষ্ঠান ও প্রাতিষ্ঠানিক কর্মশালার আয়োজন করা। এ ছাড়া সামাজিক ব্যবসা সৃষ্টির উদ্দেশ্যে ব্যবসায়ে নিয়োজিত নির্বাহীদের প্রশিক্ষণ প্রদান ও ইউনূসের ‘দারিদ্র্য ও বেকারত্বমুক্ত বিশ্ব’ গড়ে তোলার লক্ষ্যকে বাস্তবায়নে সাহায্য করা।
‘নোবেল চেয়ার’: বিশ্ববিদ্যালয়টিতে ড. ইউনূসের সম্মানে ‘নোবেল চেয়ার’ উন্মোচন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সবুজ বাগানের একটি নির্ধারিত স্থানে তিনজনের বসার মতো আকারের বেঞ্চকে ‘নোবেল চেয়ার’ হিসেবে প্রতিষ্ঠিত করা হয়।
সম্মানসূচক নাগরিকত্ব প্রদান: তাইপেতে অবস্থানকালে রোটারি ক্লাব সম্মেলনে ড. ইউনূস ভাষণ দেন। এ ছাড়া চায়নিজ করপোরেট নবরূপায়ণ, উদ্ভাবন ও অগ্রযাত্রা সমিতির আয়োজিত তিন হাজার তরুণের সম্মেলনে বক্তব্য দেন। তাঁর বক্তৃতার শুরুতে তাইপের মেয়র হাউ লুং বিন অধ্যাপক ইউনূসের হাতে তাইপে শহরের সম্মানসূচক নাগরিকত্বের ঘোষণাপত্র তুলে দেন। বিজ্ঞপ্তি।