তাইন্দংয়ে আদিবাসীদের আতঙ্ক এখনো কাটেনি
খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দংয়ে আদিবাসী গ্রামে হামলার পর প্রশাসন, পুলিশ ও বিজিবির নানা উদ্যোগে পরিস্থিতি শান্ত হয়ে এলেও ক্ষতিগ্রস্ত আদিবাসীদের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। আদিবাসীদের অভিযোগ, আতঙ্কে তাঁরা স্বচ্ছন্দে চলাফেরা, এমনকি তাইন্দং বাজারেও যাওয়ার সাহস পাচ্ছেন না।
৩ আগস্ট তাইন্দং এলাকার বান্দরসিং পাড়ার ক্রসিং এলাকা থেকে একজনকে অপহরণ করা হয়েছে গুজব রটিয়ে স্থানীয় বাঙালিরা আদিবাসী গ্রামে হামলা চালান। এতে চারটি গ্রামের ৩৫টি ঘর পুড়িয়ে দেওয়া হয় এবং সাতটি গ্রামের তিন শতাধিক বাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়।
১৫ আগস্ট তাইন্দং বাজারে সাপ্তাহিক হাটবার ছিল। এলাকার চারদিক থেকে লোকজন এসে বাজারটিতে জড়ো হয়, বসে জমজমাট হাট। গত বৃহস্পতিবার হাটবার হলেও খুব কমসংখ্যক আদিবাসীই বাজারে এসেছিলেন। যাঁরা এসেছেন, তাঁরা যত কম সময়ে পারা যায় প্রয়োজনীয় কাজ সেরে বাড়ি ফিরেছেন। স্থানীয় আদিবাসীরা জানান, বাজারে আদিবাসীরা পণ্য বিক্রি করতে যাননি বললেই চলে।
বগাপাড়ার বাসিন্দা সুপায়ন চাকমা বলেন, পাহাড়িদের মধ্যে আতঙ্ক এখনো কাটেনি। এ কারণে পাহাড়িরা তাঁদের উৎপাদিত সবজি বাজারে নিয়ে বিক্রি করার সাহস পাচ্ছেন না।
তাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, ঘটনার পর থেকে তাঁরা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছেন। প্রশাসন এলাকায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছে। তবে এটা ঠিক, পাহাড়িরা চলাফেরায় ও বাজারে কম আসছেন।
মাটিরাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহে আলম বলেন, তাইন্দং এলাকায় আদিবাসীদের চলাফেরায় কোনো সমস্যা নেই। নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।