তাইন্দংয়ের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন
তাইন্দং এলাকায় আদিবাসী গ্রামে হামলায় জড়িত ব্যক্তিদের বিচার, পুড়িয়ে দেওয়া বৌদ্ধ বিহার পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও নিরাপত্তার দাবিতে গতকাল রোববার বিকেল তিনটায় খাগড়াছড়ি জেলা সদরের শাপলা চত্বরে মানববন্ধন করেছে পার্বত্য ভিক্ষু সংঘ খাগড়াছড়ি জেলা কমিটি।পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি শ্রীমৎ নন্দপ্রিয় স্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক শ্রীমৎ জিনবোধি মহাস্থবির। এ ছাড়া জেলার কয়েক শ বৌদ্ধ ভিক্ষু ও বৌদ্ধ ধর্মালম্বী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।এর আগে খাগড়াছড়ি সদরের মহাজন পাড়াস্থ সীবলী বৌদ্ধ বিহার থেকে মিছিল সহকারে বৌদ্ধ ভিক্ষুরা শাপলা চত্বরে এসে জড়ো হন। মানববন্ধন থেকে তাইন্দংয়ে আদিবাসী গ্রামে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সঞ্চারকলিপি দেওয়া হয়। স্মারকলিপিতে আট দফা দাবি জানানো হয়। এর মধ্যে হামলার ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসন করা, ভবিষ্যতে আদিবাসী গ্রামে হামলা থেকে রক্ষার জন্য পাহাড়ি এলাকায় গ্রাম প্রতিরক্ষা দল গঠন করা ইত্যাদি।