তাইলে কি এইডা বন্ধ অইয়া যাইব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ২০ দিন ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের দরিদ্র রোগীরা প্রয়োজনীয় ওষুধ না পাওয়ায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।সংশ্লিষ্ট উপস্বাস্থ্য কেন্দ্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, এ কেন্দ্রে একজন চিকিৎসা কর্মকর্তা, একজন চিকিৎসা সহকারী, একজন কম্পাউন্ডার ও একজন এমএলএসএস থাকার কথা থাকলেও দীর্ঘদিন ধরে এ পদগুলো শূন্য রয়েছে। ফলে ছয় মাস ধরে একজন ওয়ার্ডবয় এটির দায়িত্ব পালন করছেন। সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের (ডিআরএস) শাখা থেকে এখানে প্রতি তিন মাস পরপর ওষুধ সরবরাহ করা হয়ে থাকে। কিন্তু গত ১৯ সেপ্টেম্বর থেকে এ কেন্দ্রে বরাদ্দ পাওয়া ওষুধ শেষ হয়ে যায়। এ ব্যাপারে কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।গত শনিবার বেলা পৌনে ১১টায় উপস্বাস্থ্য কেন্দ্রে গেলে চিকিৎসা নিতে আসা সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের নূরজাহান বেগম (৫৫) বলেন, ‘এক সপ্তাহ ধইর‌্যা আইতাছি আর যাইতাছি, ওষুধ নাই, বড় ডাক্তার নাই, ইডা কোনো হাসপাতাল অইল? আমরার এলাকার নেতাগোর মনে হয় চোখ নাই, তাই আমরার এই দুর্দশা তারা দেখতাছে না।’পাইকুরাটি ইউনিয়নের বৌলাম গ্রামের রিকশাচালক মো. আইয়ুব আলী (৩০) বলেন, ‘আমি আউজগা সহালে জ্বর লইয়্যা এহানে আইছিলাম। যিনি এহানে আছেন, তিনি ওষুধ না দিয়া একখান কাগজ ধরাইয়া দিয়া কইছেন, বাইরে থাইকা কিনতে অইব। অহন যা অবস্থা, তাইলে কি এইডা বন্ধ অইয়া যাইব?’ওয়ার্ডবয় মো.আমিরুল ইসলাম উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ না থাকার বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি যথাসময়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝন্টু সরকার জানান, যাবতীয় সমস্যার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন এ টি এম এ রকিব চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’