সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা তাওহীদুল ইসলামকে হত্যার ঘটনায় করা মামলায় ছাত্রলীগের ১০ নেতা-কর্মীকে কলেজ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে৷
গতকাল শনিবার কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে ওই নেতা-কর্মীদের বহিষ্কার করা হয়৷ এদিকে দাবি আংশিক মেনে নেওয়ায় আজ রোববার নগরে আধা বেলা হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বিএনপি৷
বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন: ৪৯তম ব্যাচের পঞ্চম বর্ষের (পুরাতন) ছাত্র ও কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সৌমেন দে, পঞ্চম বর্ষের (নতুন) ছাত্র ও সাধারণ সম্পাদক সাইফুল হাই, একই বর্ষের ছাত্র ও সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান আকন্দ ওরফে রাফি, চতুর্থ বর্ষের ছাত্র ও কর্মী হাফিজুর রহমান, ফারহান পাঠান, অন্তর দীপ, আবু সাহান ফাহিম, শরিফুল ইসলাম, জুবায়ের ইবনে খালেদ ও জহুর রায়হান ওরফে রিপন৷
গতকাল বেলা সাড়ে তিনটার দিকে বহিষ্কারসংক্রান্ত অফিস আদেশটি কলেজের নোটিশ বোর্ডে সাঁটানো হয়৷ আদেশে বলা হয়, ‘৪৯তম ব্যাচের চতুর্থ বর্ষের ছাত্রকে দুষ্কৃতিকারীরা হত্যা করে৷ এ ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় কলেজে অধ্যয়নরত ১০ জনের নাম থাকায় তাঁদের সাময়িকভাবে কলেজ থেকে বহিষ্কার করা হলো৷’
এই আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর কাছেও পাঠানো হয়৷ অধ্যক্ষ মোর্শেদ আহমেদ প্রথম আলোকে এই আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন৷ তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি৷