সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ছাত্রদল নেতা তাওহীদুল ইসলাম হত্যার ঘটনার দায় স্বীকার করেছেন কলেজের ছাত্রলীগের সভাপতি সৌমেন দে৷ গতকাল রোববার বিকেলে মহানগর মুখ্য হাকিম আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন৷
বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত মহানগর মুখ্য হাকিম মো. শাহেদুল করিম ১৬৪ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করেন৷ সৌমেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. রহমত উল্লাহ৷ তিনি প্রথম আলোকে বলেন, জবানবন্দি শেষে সৌমেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়৷ তবে জবানবন্দিতে তাওহীদুল হত্যার দায় স্বীকার করে সৌমেন কী বলেছেন, এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি৷
তাওহীদুলকে গত বুধবার বিকেলে কলেজের আবু সিনা ছাত্রাবাসের ১০০৩ নম্বর কক্ষে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়৷ তিনি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের আপ্যায়নবিষয়ক সম্পাদক ছিলেন৷ তাঁর বাড়ি শরীয়তপুর জেলায়৷
এ ঘটনার পরদিনই মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি সৌমেনসহ ১০ জনের নাম উল্লেখ করে সিলেট কোতোয়ালি থানায় মামলা করা হয়৷ গত শনিবার মামলার আসামি ১০ জনকে কলেজ থেকে সাময়িক বহিষ্কার করা হয়৷ শনিবার রাত সাড়ে ১০টার দিকে পালানোর সময় সৌমেনকে সিলেট রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ৷ সৌমেন মেডিকেল কলেজের ৪৯তম ব্যাচের পঞ্চম বর্ষের (পুরোনো) ছাত্র৷
পুলিশ জানিয়েছে, স্বেচ্ছায় জবানবন্দি দিতে সম্মত হলে গতকাল বেলা একটার দিকে সৌমেনকে আদালতে নেওয়া হয়৷ কিন্তু সেখানে তিনি জবানবন্দি দিতে না চাইলে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে৷ পরে বেলা তিনটার দিকে তিনি জবানবন্দি দেন৷
নাম প্রকাশ না করার শর্তে আদালত-সংশ্লিষ্ট একজন পুলিশ কর্মকর্তা জানান, সৌমেন জবানবন্দিতে আদালতকে বলেন, তাওহীদুলের কাছে সংগঠনের পক্ষ থেকে কিছু চাঁদা দাবি করা হয়েছিল৷ কিন্তু তাওহীদুল একাধিকার প্রতিশ্রুতি দিয়েও তা ভঙ্গ করেন৷ ঘটনার দিন চাঁদা না দেওয়ার কারণ জিজ্ঞেস করতে তাঁকে ছাত্রাবাসের ওই কক্ষে ডেকে নেওয়া হয়েছিল৷ তাঁকে হত্যার কোনো পরিকল্পনা ছিল না৷ কিন্তু একপর্যায়ে উত্তেজিত হয়ে তাঁকে মারধর করা হয়৷ এ ঘটনায় তিনিসহ ছাত্রলীগের ১৫ জন নেতা-কর্মীর জড়িত থাকার কথা উল্লেখ করেন সৌমেন৷
ছাত্রদলের ধর্মঘট পালিত: তাওহীদুল হত্যার প্রতিবাদে সিলেট বিভাগের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত ধর্মঘট গতকাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে৷ সিলেট নগরের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো খোলা থাকলেও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল কম৷ তবে সিলেট সরকারি কলেজ ও মদনমোহন কলেজে ধর্মঘট চলাকালে ছাত্রলীগ মিছিল করলে উভয় সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়৷ পরে অবশ্য ঘটনাস্থলে পুলিশ অবস্থান নিলে পরিস্থিতি শান্ত হয়৷
মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি আসলামুল ইসলাম জানান, তিন দিনের কর্মসূচি গতকাল শেষ হলেও মেডিকেল কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘট চলবে৷
কলেজ খুলবে রোববার: কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক থাকায় আগামী রোববার থেকে নিয়মিত ক্লাস ও পরীক্ষা শুরু হবে৷ যোগাযোগ করলে অধ্যক্ষ মোর্শেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন৷