তাকজিল খলিফা আখাউড়ার মেয়র পদে বিজয়ী
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর-সভার মেয়র পদে উপনির্বাচনে তাকজিল খলিফা বিজয়ী হয়েছেন। তাকজিল খলিফা স্থানীয় যুবলীগের নেতা। তিনি আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী ছিলেন। চার হাজার ৫১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে তিনি নির্বাচিত হয়েছেন।তাকজিলের নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মাইনুল ইসলাম (আনারস) পেয়েছেন তিন হাজার ৫৫২ ভোট।গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে টানা ভোট গ্রহণ চলে। সন্ধ্যা সাড়ে ছয়টায় আখাউড়া পৌরসভা উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হক নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। আখাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন প্রথম আলোকে বলেন, পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ২০ হাজার ৭৬৪ জন। এর মধ্যে প্রায় ৭০ ভাগ ভোট পড়েছে। চলতি বছরের ১৫ অক্টোবর এই পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এন এম হাসান খানের মৃত্যুতে মেয়রের পদটি শূন্য হয়।