তাজ মঞ্জিল এখনো তালাবদ্ধ, পাহারা দিচ্ছে পুলিশ

কল্যাণপুরের ‘তাজ মঞ্জিল’ নামের বাড়িটি এখনো তালাবদ্ধ। ২৪ ঘণ্টা পালা করে বাড়িটি পাহারা দিচ্ছেন পুলিশের সদস্যরা। ওই বাড়ির ভাড়াটেরা তাঁদের সব আসবাব নিয়ে গেছেন।
স্থানীয়ভাবে জাহাজ বাড়ি নামে পরিচিত ওই বাড়িতে গত ২৬ জুলাই সকালে পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াটের (স্পেশাল উইপনস অ্যান্ড টেকটিকস) অভিযানে নয় জঙ্গি নিহত হয়। গ্রেপ্তার হয় একজন। পালিয়ে যায় একজন। আগের রাতে মিরপুর থানা-পুলিশ ওই এলাকায় ব্লক রেইড দিতে গিয়ে বাড়িটিতে জঙ্গিদের সন্ধান পেয়েছিল।
কল্যাণপুরের ৫ নম্বর সড়কের ছয়তলা ওই বাড়ির চারতলা পর্যন্ত ফ্যামিলি বাসা এবং পঞ্চম ও ষষ্ঠতলায় ব্যাচেলরদের মেস ছিল। স্থানীয় লোকজন বলেন, বাড়িটি পুরোনো ও ভেতরে অন্ধকারাচ্ছন্ন হওয়ায় তুলনামূলক কম টাকায় ভাড়া পাওয়া যেত। তবে ওই বাড়িতে ভাড়াটেরা বেশি দিন থাকতেন না।
গতকাল শুক্রবার কল্যাণপুরে গিয়ে তাজ মঞ্জিলের মূল ফটক তালাবদ্ধ দেখা যায়। ফটকের বাঁ দিকে চেয়ারে বসে আছেন পাহারারত কয়েকজন পুলিশ সদস্য। তাঁদের একজন মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত কুমার রায় বলেন, বাড়িটি এখন ফাঁকা। আগে দু-একজন ভাড়াটে খোঁজ নিতে এলেও এখন কেউ আসেন না। ভাড়া নিতে কেউ আসেন কি না, জানতে চাইলে তিনি বলেন, জঙ্গি নিহত হওয়ার পর এই বাড়ি নিয়ে মানুষের মধ্যে একধরনের ভয় আছে। তাই আগের ভাড়াটেরাই আর এ বাড়িতে থাকতে চান না।
কত দিন পুলিশের পাহারা থাকবে—জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, পাহারা তুলে নেওয়ার কোনো নির্দেশনা ওপর থেকে এখনো আসেনি। নির্দেশনা না আসা পর্যন্ত পাহারা চলবে। তিনি বলেন, অভিযানে জঙ্গিরা বাড়ির পঞ্চমতলায় নিহত হয়। ওই তলাটি যেমন ছিল এখনো তেমনই আছে। সিঁড়ি ও করিডরের রক্তও পরিষ্কার করা হয়নি।
পুলিশ সূত্র বলেছে, ভাড়াটেরা যাঁরা এই বাড়িতে বাস করতে চান, তাঁরা আগের মতোই স্বাভাবিকভাবে আসা-যাওয়া করতে পারবেন। তবে পঞ্চমতলায় কেউ যেতে পারবেন না।
বাড়িটির অল্প দূরে ভাই ভাই ডেকোরেটরের ভ্যানচালকের কাজ করেন সাহেব আলী। জঙ্গি নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি পরিবারসহ তাজ মঞ্জিলের তৃতীয় তলায় থাকতেন। গতকাল সাহেব আলী প্রথম আলোকে বলেন, আগস্টের ২ থেকে ৫ তারিখের মধ্যে ওই বাড়ির সব ভাড়াটে তাঁদের আসবাব ও মালামাল নিয়ে গেছেন। তিনিও ২ আগস্ট আসবাব ও মালামাল বুঝে পেয়েছেন। তিনি বলেন, জঙ্গি নিহত হওয়ার পর কাউকে ওই বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। পাহারারত পুলিশ মিরপুর থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছিল।
সাহেব আলী বলেন, থানায় যোগাযোগ করলে পুলিশ একটি তালিকা দেখে ওই বাড়ির ভাড়াটেদের সম্পর্কে নিশ্চিত হয়। এরপর ভাড়াটেদের পূর্ণাঙ্গ পরিচয় নিয়ে আসবাব ও মালামাল হস্তান্তর করা হয়। তাজ মঞ্জিলে আবার থাকবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, বিনা ভাড়াতেও তিনি আর ওই বাড়িতে থাকবেন না। আসবাব বুঝে পাওয়ার পর অন্যত্র বাসা ভাড়া নিয়েছেন। এর আগে পরিবারসহ ভাই ভাই ডেকোরেটরে সাময়িকভাবে আশ্রয় নিয়েছিলেন। অন্য ভাড়াটেদের সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আসবাব ও মালামাল ফিরে পাওয়ার পর অধিকাংশ ভাড়াটেই নতুন বাসা ভাড়া করেছেন।