তাজ মঞ্জিলে নিহত ৯ জঙ্গির ডিএনএ পরীক্ষার অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কল্যাণপুরে তাজ মঞ্জিলে পুলিশি অভিযানে নিহত ৯ জঙ্গির ডিএনএ পরীক্ষার অনুমতি দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এই আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক জাহাঙ্গীর আলম গতকাল ৯ জঙ্গির ডিএনএ পরীক্ষা করানোর অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।
আদালতে দেওয়া প্রতিবেদনে বলা হয়, কল্যাণপুরে নিহত নয়জনের পরিচয় শনাক্ত করার জন্য তাঁদের ডিএনএ পরীক্ষা করা প্রয়োজন। মামলার আলামত হিসেবে নিহত জঙ্গিদের রক্ত, অস্থিমজ্জা, মলমূত্র সংগ্রহ করা হয়েছে। জঙ্গিদের পরিচয় নিশ্চিত করার জন্য তাঁদের ডিএনএ পরীক্ষা করা প্রয়োজন। শুনানি শেষে আদালত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন। একই সঙ্গে আদালত ৯ জঙ্গির ডিএনএ প্রোফাইল সংরক্ষণের আদেশ দেন।
রাজধানীর কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে নিহত ও আহত সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে করা মামলায় আগামী ১৯ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য করেছেন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত।
তাজ মঞ্জিলের মালিকের ছেলেসহ চারজন কারাগারে: কল্যাণপুরের ‘তাজ মঞ্জিলের’ মালিকের ছেলে মাজহারুল ইসলামসহ চারজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়ে দিয়েছেন আদালত।
নতুন করে রিমান্ডের কোনো আবেদন না থাকায় গতকাল রোববার এই চারজনকে কারাগারে পাঠিয়ে দেন মহানগর হাকিম নুরুন্নাহার ইয়াসমিন। গতকাল জামিনের আবেদন করা হলে আদালত নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক রণপ কুমার গতকাল দুদিনের রিমান্ড শেষে মাজহারুল ইসলাম, মাহফুজুল আনসার, মমিন উদ্দিন ও জাকির হোসেনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন।
কল্যাণপুরের ৫ নম্বর সড়কে তাজ মঞ্জিলের পঞ্চম তলায় গত ২৬ জুলাই ভোরে পুলিশ অভিযান চালায়। পুলিশি অভিযানে ৯ সন্দেহভাজন জঙ্গি মারা যান। এ ছাড়া হাসান নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ। এরপরই ওই ভবনের মালিকের স্ত্রী, ছেলেসহ পাঁচজনকে আটক করা হয়। তাজ মঞ্জিলের মালিক আতাহার উদ্দিন আহমেদ। তাঁর স্ত্রী মমতাজ পারভীন কারাগারে আটক আছেন। ভাড়াটে তথ্য গোপন করার সন্দেহে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে রিমান্ডে নেওয়া হয়।