পুলিশের অভিযানে বাধা ও ভাড়াটিয়ার তথ্য গোপনের মামলায় রাজধানীর কল্যাণপুরের তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী, ছেলেসহ পাঁচজনকে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম এ আদেশ দেন।
গতকাল যাঁদের রিমান্ড মঞ্জুর করা হয়, তাঁরা হলেন তাজ মঞ্জিল নামের বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীন, ছেলে মাজহারুল ইসলাম এবং মাহফুজুল আনসার, মমিন উদ্দিন ও জাকির হোসেন। তাঁদের বিরুদ্ধে গত ২৬ জুলাই তাজ মঞ্জিলে পুলিশের অভিযানের সময় পুলিশের কর্তব্যকাজে বাধা ও ভাড়াটিয়ার তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।
গত ২৬ জুলাই জাহাজবাড়ি নামে পরিচিত তাজ মঞ্জিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নয়জন জঙ্গি নিহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। পরে জঙ্গিদের বাড়িভাড়া দেওয়া ও তথ্য গোপনের অভিযোগে বাড়ির মালিকের স্ত্রীসহ পাঁচজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর তাঁদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা করা হয়। তাঁদের বিরুদ্ধে পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়া ও বাড়িভাড়ার বিষয়ে তথ্য গোপনের অভিযোগ আনা হয়।
২ আগস্ট ওই পাঁচজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিরপুর মডেল থানার পরিদর্শক সাজ্জাদুর রহমান ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত গতকাল আসামিদের উপস্থিতিতে রিমান্ড বিষয়ে শুনানির দিন ধার্য করেছিলেন। শুনানি শেষে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।