তাজ মঞ্জিলের মালিকের স্ত্রীসহ পাঁচজনের রিমান্ডের আবেদন
রাজধানীর কল্যাণপুরের ‘তাজ মঞ্জিল’-এর মালিকের স্ত্রী মমতাজ পারভীনসহ পাঁচজনকে পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়া ও তথ্য গোপন করার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলাম ৭ আগস্ট রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
গত ২৬ জুলাই কল্যাণপুরের ‘তাজ মঞ্জিল’ নামের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নয় জঙ্গি নিহত হন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। পরে জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়া ও তথ্য গোপনের অভিযোগে বাড়ির মালিকের স্ত্রীসহ পাঁচজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। তাঁরা কারাগারে আছেন। পরে তাঁদের বিরুদ্ধে পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার ও বাড়ি ভাড়ার বিষয়ে তথ্য গোপনের অভিযোগে পুলিশ এ মামলা করে।
গতকাল ওই পাঁচজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিরপুর মডেল থানার পরিদর্শক সাজ্জাদুর রহমান ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। বাকিরা হলেন মালিকের ছেলে মাজহারুল ইসলাম, মাহফুজুল আনসার, মমিন উদ্দিন ও জাকির হোসেন।