বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২১ আগস্ট হামলার অন্যতম পরিকল্পনাকারী ও আর্জেস গ্রেনেড সরবরাহকারী মাওলানা তাজউদ্দিনকে ভিন্ন নামে পাসপোর্ট করিয়ে পাকিস্তান পাঠিয়ে দেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) তৎকালীন কিছু কর্মকর্তা।
গ্রেনেড হামলার ঘটনায় করা হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় সোমবার চতুর্থ দিনের মতো যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ এ কথা বলে।
যুক্তিতর্ক উপস্থাপন করেন এ মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তিনি বলেন, জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ভাই তাজউদ্দিন ২১ আগস্ট হামলার পরিকল্পনাকারী ও আর্জেস গ্রেনেড সরবরাহকারী। ঘটনার পর তাজউদ্দিন ডিজিএফআইয়ের হাতে ছিল। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একান্ত সচিব সাইফুল ইসলামের (ডিউক) নির্দেশে ডিজিএফআইয়ের তৎকালীন কর্মকর্তা এ টি এম আমিন ও সাইফুল ইসলাম জোয়ার্দার মাওলানা তাজউদ্দিনের জন্য ‘বাদল’ নাম দিয়ে পাসপোর্ট তৈরি করে। পরে তাঁরা ওই পাসপোর্টে তাঁকে পাকিস্তানে পাঠিয়ে দেন।
যুক্তিতর্কে সৈয়দ রেজাউর রহমান বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের মন্ত্রী, গোয়েন্দা সংস্থা ও পুলিশ প্রশাসনের সহায়তায় জঙ্গিরা ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা করে পালিয়ে যায়। বনানীর হওয়া ভবনে বৈঠক করে হামলার ষড়যন্ত্র ও পরিকল্পনায় জঙ্গিদের সহায়তার আশ্বাস দিয়েছিলেন তারেক রহমান ও তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
সৈয়দ রেজাউর রহমান বলেন, ডিজিএফআইয়ের তৎকালীন কর্মকর্তা এ টি এম আমিন ও সাইফুল ইসলাম জোয়ার্দার এবং সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহিদুল হুদা ও খোদা বক্স চৌধুরী পরস্পর যোগসাজশে ঘটনাস্থলে পাওয়া অবিস্ফোরিত আর্জেস গ্রেনেড জব্দ না করে ধ্বংস করেছেন। তাঁরা এর মাধ্যমে মামলার আলামত নষ্ট করেছেন। এসব কর্মকর্তা তাঁদের দায়িত্ব পালন না করে হামলাকারীদের পালাতে সহায়তা করেন। তদন্ত ভিন্ন খাতে নেওয়ার ব্যবস্থা করেন। সিআইডির তৎকালীন বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্সী আতিকুর রহমান ও এএসপি আবদুর রশিদ মামলার তদন্তকে ভিন্ন খাতে নিতে জোর করে স্বীকারোক্তি নিয়ে জজ মিয়া নাটক সাজিয়েছিলেন। জঙ্গি নেতা মুফতি আবদুল হান্নান আদালতে জবানবন্দি দিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলাসহ অন্যান্য গ্রেনেড হামলার কথা প্রকাশ করেন।
সোমবার রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন আগামীকাল মঙ্গলবার পরবর্তী তারিখ ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষে সৈয়দ রেজাউর রহমানকে সহায়তা করেন সরকারি কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া ও আকরাম উদ্দিন।
পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে সাবেক ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচারকাজ চলছে। এ মামলার এখন মোট আসামি সংখ্যা ৪৯। এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৮ জন পলাতক।