তাজউদ্দিনকে ফেরত পাঠাতে দ. আফ্রিকাকে ফের অনুরোধ
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অভিযুক্ত আসামি মাওলানা তাজউদ্দিনকে দেশে ফেরত পাঠাতে দক্ষিণ আফ্রিকার প্রতি আবারও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৃহস্পতিবার দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী নোমাইনদিয়া এমফেকেতোকে এ অনুরোধ জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্দোনেশিয়ার বালিতে ভারত মহাসাগরীয় অঞ্চলের সংস্থার (আইওরা) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে শাহরিয়ার আলম ও নোমাইনদিয়া এমফেকেতো বৈঠক করেন। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশের ভয়াবহ ওই গ্রেনেড হামলায় পলাতক ১৮ আসামির অন্যতম তাজউদ্দিনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুততর করতে দক্ষিণ আফ্রিকার উপমন্ত্রীকে অনুরোধ জানান। নোমাইনদিয়া এমফেকেতো এ ব্যাপারে দক্ষিণ আফ্রিকার সহযোগিতার আশ্বাস দেন।
এর আগে গত বছরের আগস্টে দক্ষিণ আফ্রিকার উপমন্ত্রী নোমাইনদিয়া ঢাকায় এলে তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও একই অনুরোধ জানিয়েছিলেন।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। ভয়াবহ ওই হামলা থেকে আওয়ামী লীগ সভানেত্রী রক্ষা পেলেও নিহত হন দলটির ২২ জন নেতা-কর্মী। এ ঘটনায় দুই দফা অভিযোগপত্রে ৫২ জনকে আসামি করা হয়েছে। মামলার বিচার চলছে। অভিযোগপত্রে বলা হয়, এই হামলার জন্য তাজউদ্দিন জঙ্গিদের গ্রেনেড সরবরাহ করেছেন। আর তাঁর ভাই সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুও এই মামলার আসামি। তিনি এখন কারাগারে রয়েছেন।