তাজউদ্দীন আহমদ ছিলেন আস্থা ও বিশ্বাসের প্রতীক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজউদ্দীন আহমদের জীবন ও কর্ম বাংলাদেশের অভ্যুদয়কে নিশ্চিত করেছে। তিনি তাঁর আদর্শ, নীতিবোধ ও অনন্য সাংগঠনিক গুণাবলি দিয়ে দেশের জনগণকে বাঙালি জাতীয়তাবাদের মূল স্রোতোধারায় অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি ছিলেন আস্থা ও বিশ্বাসের প্রতীক।
মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী, জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তাঁকে এভাবেই স্মরণ করলেন বক্তারা। গতকাল সোমবার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে জাদুঘর কর্তৃপক্ষ এই সভাটি আয়োজন করে।
গতকালের সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, যিনি ছিলেন মুক্তিযুদ্ধের সময় গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিপরিষদ সচিব। তাজউদ্দীন আহমদকে এইচ টি ইমাম অভিহিত করেন একজন ‘কর্মবীর’ হিসেবে।
সভায় তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি বলেন, কৃষক থেকে শুরু করে দিনমজুর কিংবা রাজনীতিবিদ, সমাজের প্রত্যেক শ্রেণির মানুষের আস্থা তিনি অর্জন করেছিলেন। উনি তাঁর দেশ, দেশের মানুষকে উচ্চতর মর্যাদায় দেখতে চাইতেন।
সূচনা বক্তব্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সারওয়ার আলী বলেন, মুক্তিযুদ্ধ তথা বাংলাদেশের অভ্যুদয় ও যুদ্ধবিধ্বস্ত দেশ গঠনে তাজউদ্দীন আহমদ অনন্য ভূমিকা পালন করেছেন। তিনি স্বাধীন বাংলাদেশের ট্রাজিক হিরো।
আলোচনার ফাঁকে সভায় তাজউদ্দীন আহমদের লেখা তিনটি চিঠি পড়ে শোনানো হয়। এ ছাড়া দলীয় আবৃত্তি ও সংগীত পরিবেশন করে ঢাকা স্বরকল্পন ও ক্রান্তি শিল্পীগোষ্ঠী।