তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী আজ
মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম প্রধানমন্ত্রী, জাতীয় নেতা তাজউদ্দীন আহমদের ৯২তম জন্মবার্ষিকী আজ। ১৯২৫ সালের এই দিনে গাজীপুরের কাপাসিয়া থানার দরদরিয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের রাজনীতিতে মেধা, যোগ্যতা, সততা ও আদর্শবাদের এক অনন্য প্রতীক।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করে পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম পরিচালনায় সফল ভূমিকা পালন করেন তাজউদ্দীন আহমদ। স্বাধীনতার পর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব নেন। ১৯৭৪ সালের ২৬ অক্টোবর তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট ক্ষমতা দখলকারী ঘাতক চক্র সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তাজউদ্দীন আহমদকে গৃহবন্দী করে। পরে জেলখানায় বন্দী থাকা অবস্থায় তাঁকেসহ আরও তিন জাতীয় নেতাকে একই বছরের ৩ নভেম্বর নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। বিজ্ঞপ্তি