তাজউদ্দীন আহমদের নাতির ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতি রাকিব হোসেনের ওপর পুলিশের নির্যাতনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন সাতজন বিশিষ্ট নাগরিক।একই সঙ্গে বিবৃতিদাতারা সংশ্লিষ্ট পাঁচ পুলিশ সদস্যকে (রাস্তায় নির্যাতনকারী দুজন ও থানায় দুর্ব্যবহারকারী তিনজন) চাকরি থেকে সাময়িক বরখাস্ত, ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং পুলিশ কর্তৃপক্ষকে ঘটনার জন্য ক্ষমা প্রার্থনারও দাবি জানিয়েছেন।গতকাল শুক্রবার এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। বিবৃতিদাতারা হলেন: হামিদা হোসেন, শামসুল বারী, সুলতানা কামাল, খুশী কবির, ইফতেখারুজ্জামান, মেঘনা গুহঠাকুরতা ও সারা হোসেন।বিবৃতিতে বলা হয়, রাকিব হোসেনের ওপর নির্যাতনের ঘটনাটি তাঁর পারিবারিক অবস্থানের কারণে গণমাধ্যমের কল্যাণে জনসমক্ষে এসেছে। সাধারণ মানুষকে যে হয়রানি ও নির্যাতনের শিকার হতে হয়, সেগুলো সব সময় গণমাধ্যমে প্রকাশিত হয় না। সাধারণ মানুষ পুলিশের কাছে কতটা নিরাপত্তাহীন, এ ঘটনায় তা বোঝা যায় এবং এ বিষয়ে তাঁরা উদ্বিগ্ন।বিবৃতিদাতারা বলেন, কর্মজীবনে যে পেশাগত আচরণ ও মূল্যবোধ নিয়ে পুলিশের কাজ করার কথা, রাকিব হোসেনের ঘটনায় তার বিন্দুমাত্রও ছিল না। এ বিষয়ে এগিয়ে আসার জন্য হাইকোর্টকে তাঁরা ধন্যবাদ জানান।গত ১০ ফেব্রুয়ারি গুলশান এলাকায় গাড়ি থেকে নামিয়ে পুলিশ রাকিব হোসেনকে লাঞ্ছিত করে। এরপর থানায় নিয়েও তাঁকে নির্যাতন ও তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বিজ্ঞপ্তি।