তাজউদ্দীন ছিলেন অসাধারণ নেতা ও সংগঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ জীবনযাপনে অভ্যস্ত তাজউদ্দীন আহমদ ছিলেন অসাধারণ সংগঠক ও নেতা। মহান মুক্তিযুদ্ধের প্রস্তুতিকালে এবং মুক্তিযুদ্ধ চলাকালে প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদের ভূমিকা ছিল অসাধারণ। কিন্তু বাংলাদেশ তাঁকে যথাযথ মূল্যায়ন করতে পারেনি। পঁচাত্তরের পর খুনিরা তাঁকে বাঁচতে দেয়নি।
তাজউদ্দীন আহমদের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় আলোচকেরা এসব কথা বলেন। ২৩ জুলাই ছিল তাঁর জন্মদিন। তবে ঈদের ছুটিসহ নানা কারণে গতকাল শুক্রবার বিকেলে এই আলোচনা সভার আয়োজন করে মুক্তিযুদ্ধ জাদুঘর।
আলোচনা সভার শুরুতে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক আন্দোলনে তাজউদ্দীন আহমদের অসাধারণ ভূমিকা ছিল। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি ছিলেন শ্রেষ্ঠ সংগঠক। আওয়ামী লীগের নেতাদের মধ্যে সম্ভবত তিনি ছিলেন সবচেয়ে সুশৃঙ্খল। সাধারণ, সৎ ও সরল জীবনযাপন করতেন তিনি। সারাটা জীবন তিনি বঙ্গবন্ধুর প্রতি আনুগত্য প্রদর্শন করেছেন। শেষ জীবনে তো জীবন দিয়েই তা প্রমাণ করেছেন।
প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেন, তাজউদ্দীন অনেক বড় মাপের মানুষ ছিলেন। এত বড় নেতা, এত বড় নিষ্পাপ মানুষ এই দেশে খুব কমই জন্মেছে।
সৈয়দ হাসান ইমাম বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে সব নেতাই পরিবারের সঙ্গে থাকতেন। কিন্তু তাজউদ্দীন শপথ নিয়েছিলেন, দেশ স্বাধীন না হওয়া পর্যন্ত পরিবারের কাছে ফিরবেন না। তিনি শপথ রেখেছিলেন। তাজউদ্দীন জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, তিনি বঙ্গবন্ধুকে কতটা ভালোবাসতেন।
আলোচনায় অংশ নিয়ে তাজউদ্দীন আহমদের মেয়ে সাংসদ সিমিন হোসেন বলেন, ‘বাবার ডায়েরি, ভাষণসহ সবকিছু নিয়ে আমি কাজ করছি। প্রতিটি লাইনেই অনেক কথা বলে গেছেন তিনি। তিনি তাঁর রাজনৈতিক বক্তব্যে মানুষের কথা বলতেন। সরদার ফজলুল করিম সব সময় বলতেন, তাজউদ্দীন সময়ের অাগে জন্মেছেন এবং তঁাকে বোঝার মতো যোগ্যতা আমাদের ছিল না।’