তাজউদ্দীনকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধু ও তাজউদ্দীন একে অপরের পরিপূরক ছিলেন। এই নেতাদের নেতৃত্বেই আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি। তাজউদ্দীন আহমদ বঙ্গবন্ধুর ভাষা বুঝতেন। বঙ্গবন্ধু কী করতে চান, কী বলতে চান তা তিনি বুঝতেন। জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, তিনি বেইমানি করেননি। ইতিহাসে তাঁর অবদান অমর হয়ে থাকবে।’

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার তাজউদ্দীন আহমদ স্মৃতি সংসদের আয়োজনে গ্যালারি টোয়েন্টি ওয়ানে আয়োজন করা হয় তাঁর কর্মময় জীবনভিত্তিক আলোকচিত্র প্রদর্শনী। সেখানে প্রধান অতিথির বক্তৃতায় তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

আয়োজকেরা জানান, এই প্রদর্শনী চলবে এক মাস। প্রদর্শনীতে তাজউদ্দীন আহমদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ের আলোকচিত্র স্থান পেয়েছে। আছে মুক্তিযুদ্ধের সময়কার প্রবাসী বাংলাদেশ সরকার পরিচালনার বিভিন্ন মুহূর্তের ছবি।

তাজউদ্দীনের কন্যা সিমিন হোসেন রিমির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি স্মৃতিচারণা করে বলেন, মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলাদেশের প্রথম যে বাজেট তাজউদ্দীন দিয়েছিলেন সেটি ছিল দূরদৃষ্টিসম্পন্ন। জীবন দিয়ে প্রমাণ করে গেছেন, তিনি কেমন নেতা ছিলেন। ব্যক্তিপূজার চেয়ে তাঁর আদর্শ অনুসরণ করলে তাজউদ্দীনের আত্মা শান্তি পাবে।

গ্যালারি টোয়েন্টি ওয়ান ধানমন্ডির যে ভবনে অবস্থিত, সেখানেই ছিল তাজউদ্দীন আহমদের বাসভবন। বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন অনুষ্ঠানে বলেন, ‘আমরা এই বাড়িতে বসে অসহযোগ আন্দোলন থেকে শুরু করে অনেক কাজ করেছি। তিনি আমাদের দিকনির্দেশনা দিতেন। এই আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে তরুণ প্রজন্মকে ইতিহাসের দিকে নিয়ে যাচ্ছি। এই ছবিগুলোই প্রমাণ করে, বাঙালিদের পক্ষে সবকিছুই সম্ভব।’

অনুষ্ঠান শুরুর আগে অতিথিদের আলোকচিত্র দেখান তাজউদ্দীনের মেয়ে সংসদ সদস্য সিমিন হোসেন রিমি। অনুষ্ঠান শেষে অতিথিদের স্মারক উপহার দেওয়া হয়। প্রদর্শনীটি কবে শুরু হয়েছিল জানতে চাইলে সিমিন হোসেন বলেন, ১৯৯০ সালে প্রথম তাঁরা এই প্রদর্শনী শুরু করেন। তখন উদ্বোধন করেছিলেন কবি শামসুর রাহমান। এরপর চার বছর ধরে নিয়মিত তাঁর জন্মদিনে এই প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে।

গাজীপুরের কাপাসিয়ার আয়োজন: ভিন্ন ভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে গাজীপুরের কাপাসিয়ায় উদ্‌যাপিত হয়েছে তাজউদ্দীন আহমদের ৯১তম জন্মবার্ষিকী। সকালে উপজেলা ছাত্রলীগ শহরে আনন্দ শোভাযাত্রার পর আওয়ামী লীগ কার্যালয়ে কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের সূচনা করে। দুপুরে বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ছিল বিতর্ক, আবৃত্তি, ফুটবল খেলা। বিকেলের আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুহম্মদ শহীদুল্লাহ, সহসভাপতি মাজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রধান প্রমুখ। এ ছাড়া তাজউদ্দীন আহমদকে নিয়ে প্রকাশ করা হয় স্মরণিকা ‘আলোকবর্ত্তিকা’।