তাজউদ্দীনের অর্জন ভুলতে বসেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজউদ্দিন আহমদ স্মারক বক্তৃতায় বক্তারা বলেছেন, তাজউদ্দীন আহমদের অসাধারণ নেতৃত্ব, বিশাল কর্মকাণ্ড ও বিশাল অর্জন বাংলাদেশ আজ ভুলতে বসেছে। তাঁর নির্দেশিত পথ গ্রহণ করা তো হয়ই নি, বরং ঠিক উল্টো পথে এখনকার বাংলাদেশ হাঁটছে। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত স্মারক বক্তৃতায় বক্তার এ কথা বলেন। 

‘তাজউদ্দীন আহমদের সমাজ ও রাষ্ট্রভাবনা-পরিপ্রেক্ষিত বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এবারের স্মারক বক্তা ছিলেন কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। তিনি বলেন, ‘আমরা বলি জনগণ সকল ক্ষমতার উৎস এবং জনগণই মালিক। যে দেশে জনগণ মূক থাকে, নির্বাক থাকে তাদের প্রতি এটা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। অথচ রাষ্ট্রের জনগণের ছোট যে অংশটি রাষ্ট্রকে যেমন খুশি তেমন ভোগ করে থাকে, তারা এই জনগণের নামেই সেটা করে। ঠিক এই কথাটিই তাজউদ্দীন আহমদ তাঁর এক বক্তৃতায় স্পষ্ট করে বলেছিলেন। একটি রাষ্ট্র তখনই যোগ্য হয়ে ওঠে যখন তাঁর যোগ্য জনগণ থাকে।’
হাসান আজিজুল হক বলেন, ‘তাজউদ্দীন আহমদ রক্ষীবাহিনী গঠন করতে সম্মতি দেননি। সাধারণ নির্বাচনের কিছুকাল পর পার্লামেন্টারি পদ্ধতি থেকে প্রেসিডেনশিয়াল পদ্ধতিতে পরিবর্তন তিনি অনুমোদন করতে পারেননি। সবশেষে বাকশাল গঠনেও তিনি প্রবল আপত্তি জানিয়েছিলেন। কিন্তু জাতির দুর্ভাগ্য, সেই সময়ে তিনি কোথাও গণ্য হতেন না। পদত্যাগ পত্র পাঠানোর আগে তাঁকেই পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছিল। এই তিক্ত বিষয়টিকে নিয়ে আমার আলোচনায় আমার প্রবৃত্তি নেই। ইতিহাসের রদবদল ঘটে না। তার ব্যাখ্যায় রদবদল ঘটে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রয়াত তাজউদ্দীন আহমদের আদর্শ অনুসরণের মাধ্যমে নিজেদের সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
স্বাগত বক্তৃতায় তাজউদ্দীন আহমদের মেয়ে শারমিন আহমদ বলেন, তাজউদ্দীন আহমদের স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। একজন ব্যক্তি জীবিত থাকে তাঁর সৎ কর্মের মধ্য দিয়ে। প্রাণের ক্ষয় আছে, দেহের মৃত্যু আছে, কিন্তু আদর্শ অমর। আদর্শের ক্ষয় কিংবা মৃত্যু হয় না।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের স্নাতক সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী তনিমা ম্যাগডালিনা করাইয়াকে ‘তাজউদ্দীন আহমদ স্বর্ণপদক’ ও একই বিভাগের ছাত্রী নাসরিন জেবিন প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করায় ‘তাজউদ্দীন আহমদ বৃত্তি’ দেওয়া হয়। এ ছাড়া তাজউদ্দীন আহমদের জীবন ও কর্মের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হওয়া রচনা প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ শিক্ষার্থীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য নাসরীন আহমাদ এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান জাহিদ উল আরেফিন চৌধুরী বক্তৃতা দেন।