তাজউদ্দীন আহমদের অসাধারণ নেতৃত্ব, বিশাল কর্মকাণ্ড, বিশাল অর্জন বাংলাদেশ আজ ভুলতে বসেছে। তাঁর নির্দেশিত পথ গ্রহণ করা তো হয়ইনি, বরং ঠিক উল্টো পথে হাঁটছে এখনকার বাংলাদেশ।
গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে তাজউদ্দীন আহমদ স্মারক বক্তৃতায় এ কথা বলেন কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। অনুষ্ঠানে শান্তি স্বর্ণপদক, বৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
‘তাজউদ্দীন আহমদের সমাজ ও রাষ্ট্রভাবনা: পরিপ্রেক্ষিত বর্তমান বাংলাদেশ’ শীর্ষক এবারের স্মারক বক্তৃতায় অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, ‘আমরা বলি, জনগণ সকল ক্ষমতার উৎস এবং জনগণই মালিক। যে দেশে জনগণ মূক থাকে, নির্বাক থাকে, তাদের প্রতি এটা চূড়ান্ত ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। অথচ রাষ্ট্রের জনগণের ছোট যে অংশটি রাষ্ট্রটিকে যেমন খুশি তেমন ভোগ করে থাকে, তারা এই জনগণের নামেই সেটা করে। ঠিক এ কথাটিই তাজউদ্দীন আহমদ তাঁর এক বক্তৃতায় স্পষ্ট করে বলেছিলেন। একটি রাষ্ট্র তখনই যোগ্য হয়ে ওঠে, যখন তার যোগ্য জনগণ থাকে।’
স্বাগত বক্তৃতায় তাজউদ্দীন আহমদের কন্যা শারমিন আহমদ বলেন, তাজউদ্দীন আহমদের স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ গড়ে তোলা। একজন ব্যক্তি জীবিত থাকে তাঁর সৎ কর্মের মধ্য দিয়ে। তিনি পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, প্রাণের ক্ষয় আছে, দেহের মৃত্যু আছে, কিন্তু আদর্শ অমর। আদর্শের ক্ষয় কিংবা মৃত্যু হয় না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রয়াত তাজউদ্দীন আহমদের আদর্শ অনুসরণের মাধ্যমে নিজেদের সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরীন আহমাদ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান জাহিদ উল আরেফিন চৌধুরী বক্তব্য দেন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের স্নাতক সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী তনিমা ম্যাগডালিনা করাইয়াকে ‘তাজউদ্দীন আহমদ স্বর্ণপদক’, একই বিভাগের ছাত্রী নাসরিন জেবিন প্রথম বর্ষ সমাপনী পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করায় ‘তাজউদ্দীন আহমদ বৃত্তি’ দেওয়া হয়। এ ছাড়া তাজউদ্দীন আহমদের জীবন ও কর্মের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য রচনা প্রতিযোগিতায় বিজয়ী পাঁচ ছাত্রছাত্রীকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়।