বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের কন্যা শারমিন আহমদ বলেছেন, ‘তাজউদ্দীন যে আমাদের নমস্য নেতা, সে কথা নতুন নয়। এমন বিদগ্ধ, সৎ ও ত্যাগী নেতা পেয়ে বাংলাদেশ ধন্য। কিন্তু তাঁর যোগ্য মর্যাদা আমরা দিতে পারিনি।’
বাবাকে নিয়ে নিজের লেখা বইয়ের ওপর আলোচনা অনুষ্ঠানে শারমিন আহমদ এ কথা বলেন। যুক্তরাষ্ট্রের আটলান্টায় সম্প্রতি সেবা বাংলা লাইব্রেরির উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তাজউদ্দীন আহমদের জীবনের নানা ঘটনা নিয়ে শারমিন আহমদ সম্প্রতি লিখেছেন তাজউদ্দীন আহমদ: নেতা ও পিতা নামের একটি বই। বাংলাদেশসহ প্রবাসী পাঠকদের মধ্যে এটি ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। তারই ধারাবাহিকতায় সেবা বাংলা লাইব্রেরি এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। আটলান্টার স্থানীয় বাংলাদেশি নাগরিক হারুনুর রশীদের উদ্যোগে ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় এই লাইব্রেরি।
বইটি নিয়ে এক ঘণ্টার বেশি সময় ধরে বিদগ্ধ আলোচনায় উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন শারমিন আহমদ। মুক্তিযুদ্ধের সময় এই মহান নেতার ত্যাগ ও পরে তাঁর মর্মান্তিক হত্যার কথা দর্শকদের স্মরণ করিয়ে দেন তিনি। এ সময় নিজের আবেগ সংবরণ করতে না পারায় বারবার তাঁর চোখ ভিজে আসছিল। একপর্যায়ে দর্শক-শ্রোতাদের অনেকের চোখও অশ্রুসিক্ত হয়ে ওঠে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আশফাক স্বপন। মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সমাপনী বক্তব্য দেন মশিউর রহমান চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা হারুনুর রশীদ, অন্যতম আয়োজক ফারহানা হক, সেবা বাংলা লাইব্রেরির সাংগঠনিক সম্পাদক সব্যসাচী দাস, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. শহীদ মতিউর রহমানের কন্যা তুহিন মতিউর হায়দার প্রমুখ। বিজ্ঞপ্তি।