তাজউদ্দীনের ৮৭তম জন্মবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ৮৭তম জন্মবার্ষিকী আজ ২৩ জুলাই। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।তাজউদ্দীন ১৯২৫ সালের এই দিনে গাজীপুরের কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্ম নেন। তিনি বাংলাদেশের রাজনীতিতে মেধা, দক্ষতা, যোগ্যতা, সততা ও আদর্শবানের এক অনন্য প্রতীক হয়ে আছেন। ভাষা আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নেতা ছিলেন আওয়ামী লীগের গঠন প্রক্রিয়ার অন্যতম উদ্যোক্তা। ১৯৬৬ সালে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালির মুক্তি সনদ ছয় দফার রূপকারদের মধ্যে তাজউদ্দীনও ছিলেন।স্বাধীন বাংলাদেশে তাজউদ্দীন আহমদ প্রথমে প্রধানমন্ত্রী এবং পরে অর্থ ও পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭৪ সালের ২৬ অক্টোবর তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর তাজউদ্দীনকে বন্দী করা হয়। ওই বছরের ৩ নভেম্বর আরও তিন জাতীয় নেতার সঙ্গে তাঁকে কারাগারে হত্যা করা হয়।তাজউদ্দীন আহমদের জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধ জাদুঘর ২৭ জুলাই শুক্রবার সেগুনবাগিচায় জাদুঘর মিলনায়তনে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।