তাজরিয়ান হত্যা মামলায় ‘পূর্বপরিচিত’ আমীর রিমান্ডে
সম্প্রতি রাজধানীতে বসবাসরত মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজরিয়ান মোস্তফা (১৯) হত্যা মামলায় গ্রেপ্তার একজনকে দুই দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। এই আসামির নাম আমীর হামজা আদনান (১৯)।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূর এ আদেশ দেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) হেমায়েত উদ্দিন খান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ছাড়া পুলিশ আদালতকে জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, আমীর হামজা এই হত্যাকাণ্ডে জড়িত। তিনি তাজরিয়ান মোস্তফার পূর্বপরিচিত।
গত ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় কলাবাগান থানাধীন ধানমন্ডির ৮ নম্বর সড়কের একটি বাসার নিচে তাজরিয়ান মোস্তফার (১৯) লাশ পাওয়া যায়। এ ঘটনায় তাজরিয়ানের বাবা বাদী হয়ে কলাবাগান থানায় একটি হত্যা মামলা করেন। ধানমন্ডির ৮ নম্বর সড়কের সেই বাসায় পরিবারের সঙ্গেই থাকতেন তাজরিয়ান।
তাজরিয়ানের ফুফা হুমায়ুন কবির বলেন, তাজরিয়ান খুবই মেধাবী ছাত্রী ছিলেন। দেশে ফেরার পর তাঁরা যে বাসাতে ওঠেন, সেই বাসারই এক ফ্ল্যাটের মালিকের ছেলে আমীর হামজা তাঁকে উত্ত্যক্ত করতেন। বিষয়টি মা-বাবাকে জানালে তাঁরা ওই ছেলের মা-বাবার সঙ্গে কথাও বলেন। কিন্তু তাঁদের কাছ থেকে কোনো সদুত্তর পাননি। তাঁরা মনে করছেন, ওই ছেলেই ক্ষোভের বশবর্তী হয়ে তাঁকে ছাদ থেকে ফেলে দিয়েছেন।
মো. হুমায়ুন কবির বলেন, ২৭ ফেব্রুয়ারি বিকেল পাঁচটার দিকে তাজরিয়ান ছাদে যান। ছাদে থাকাকালে তাজরিয়ানের সঙ্গে তাঁর বাবার কথা হয়। এ সময় তাজরিয়ান বলেন, ১০ মিনিটের মধ্যে তিনি বাসায় ফিরবেন। তবে এর কিছুক্ষণ পর সন্ধ্যা ছয়টার দিকে তাজরিয়ানের লাশ ওই ভবনের নিচে পড়ে থাকতে দেখা যায়।
তাজরিয়ানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ভিকারুননিসা নূন স্কুল থেকে মাধ্যমিক পাস করার পর সপরিবার মালয়েশিয়ায় চলে যান তাজরিয়ান। সেখানে এ লেভেল পাস করে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন। করোনাভাইরাসে বাবার হোটেল ব্যবসা মন্দা যাওয়ায় মাস তিনেক আগে তাঁরা ঢাকায় আসেন। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার মালয়েশিয়া যাওয়ার কথা ছিল।
মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক ঠাকুর দাস মালো প্রথম আলোকে বলেন, আসামি আমীর হামজা ধানমন্ডি এলাকায় বসবাস করেন। তাজরিয়ান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। আদালত এই আবেদন মঞ্জুর করে তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন। কীভাবে তাজরিয়ান মোস্তফা মারা গেছেন, সেটি তদন্ত করা হচ্ছে। এখনো ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়া যায়নি।