তাজরীন অগ্নিকাণ্ড মামলায় সাক্ষ্য গ্রহণ ১ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শ্রমিক নিহতের ঘটনায় করা মামলায় আগামী ১ নভেম্বর সাক্ষ্য গ্রহণের নতুন দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক উৎপল ভট্টাচার্য এ তারিখ ধার্য করেন। আজ এই মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে না পারায় আদালত নতুন এ তারিখ ধার্য করেন।

এর আগে আদালত ৩ সেপ্টেম্বর তাজরীন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আজ (১ অক্টোবর) সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছিলেন।

২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১১ জন পোশাক শ্রমিকের মৃত্যু হয়। আহত হন ১০৪ শ্রমিক। এই অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দায়ের করা মামলায় ২০১৩ সালের ২ ডিসেম্বর অভিযোগপত্র দেয় সিআইডি।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রতিষ্ঠানের প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, ইনচার্জ আনিসুর রহমান, স্টোর ইনচার্জ আল-আমিন, কারখানার ম্যানেজার আবদুর রাজ্জাক, প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু, কোয়ালিটি ম্যানেজার শহিদুজ্জামান দুলাল, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল ও লোডার শামীম মিয়া। এঁদের মধ্যে শেষের চারজন পলাতক আছেন। আজ প্রকৌশলী মাহবুবুল মোর্শেদ আত্মসমর্পণ করে জামিন নেন। বাকিরা জামিনে আছেন।