তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড নিয়ে সংবাদ সম্মেলন
আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মালিককে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের নেতারা। এ ছাড়া তাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের টাকা দেওয়ার দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এসব দাবি জানায়। সংগঠনের নেতারা আহত শ্রমিকদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ারও দাবি জানান।সংগঠনের সভাপতি আমিরুল হক বলেন, এ ঘটনায় মালিকসহ কর্তৃপক্ষ দায়ী। সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদনেও তাঁদের দায়ী করা হয়েছে। ফলে দ্রুত তাজরীনের মালিককে গ্রেপ্তার করতে হবে।আমিরুল হক আরও বলেন, নিহত ১১২ জনের পরিবারের মধ্যে মাত্র ৪৮টি পরিবারকে ছয় লাখ করে টাকা দেওয়া হয়েছে। বাকি ৬৪টি পরিবার কোনো ক্ষতিপূরণ পায়নি। এখনো নিহত ১৮ জনের পরিচয় জানা যায়নি। আবার অনেক পরিবার তাদের নিখোঁজ সদস্যদের লাশ বা সন্ধান পায়নি। সংবাদ সম্মেলনে বলা হয়, অগ্নিকাণ্ডে গুরুতর আহত হয়েছিলেন ১১০ জন শ্রমিক। এঁদের মধ্যে ৬৪ জনকে মাত্র এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। বাকিরা কোনো ক্ষতিপূরণ পাননি। দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা না পেলে গুরুতর আহত শ্রমিকদের অনেকে স্থায়ীভাবে পঙ্গু হয়ে যাবেন বলে আশঙ্কা প্রকাশ করেন সংগঠনের নেতারা। তাঁরা তাজরীন কর্তৃপক্ষের পাশাপাশি প্রতিষ্ঠানটির পণ্যের ক্রেতা ও সরকারকেও এর দায়ভার বহন করতে হবে বলে দাবি করেন। সংবাদ সম্মেলনে হতাহত শতাধিক শ্রমিকের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গত ২৪ নভেম্বর রাজধানীর অদূরে আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসের ওই অগ্নিকাণ্ডে ১১২ জন শ্রমিক নিহত ও ১৫০ জন আহত হন।