তাজরীন ফ্যাশনসের আহত এক নারী শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত এক নারী শ্রমিক চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার মারা গেছেন। তাঁর নাম ফাতেমা। তাঁর বাড়ি টাঙ্গাইলের মধুপুরে।বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান সমিতির সহসভাপতি এস এম মান্নান। তিনি জানান, ফাতেমা রাজধানীর এ্যাপোলো হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সেখানে গতকাল সকালে তিনি মারা যান।এ নিয়ে গত ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ১১১ জন।এস এম মান্নান জানান, বিজিএমইএর তত্ত্বাবধানে ফাতেমার লাশ তাঁর গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, ‘ফাতেমাকে আমরা উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর জন্য প্রস্তুত ছিলাম।’