তাজরীন ফ্যাশনসের মালিকের গ্রেপ্তার ও শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশুলিয়ার নিশ্চিন্তপুরে তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে আগুন লাগার পর শতাধিক শ্রমিক নিহত ও আহত হওয়ার প্রতিবাদে পৃথক কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। সংগঠনগুলো এ ঘটনার জন্য কারখানার মালিক এবং জড়িত সবার গ্রেপ্তার ও বিচারের দাবি করেছে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে বাম মোর্চা বিক্ষোভ সমাবেশ করেছে। সেখানে সাত দফা দাবি জানানো হয়েছে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রম মন্ত্রণালয়ের সামনে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হয়। বাম মোর্চার সমন্বয়ক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাম মোর্চার নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমুখ। এদিকে, গতকাল আশুলিয়ায় তাজরীন ফ্যাশনস কারখানা পরিদর্শন করেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বনানীতে মানববন্ধন করেছে।