তাজরীন ফ্যাশনসের মালিকের বিরুদ্ধে হত্যা মামলা
আশুলিয়ার তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনস লিমিটেডের মালিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। গত বছরের ২৪ নভেম্বর ওই পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত এক শ্রমিকের ভাই গতকাল বুধবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে এই মামলা করেন। নিহত ওই শ্রমিকের নাম রেহানা। মামলায় দেলোয়ার হোসেন ছাড়াও ৩০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। বিচারিক হাকিম তৈয়বুল হাসান বাদী আবদুল মতিনের জবানবন্দি গ্রহণ করেন এবং আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনার তদন্ত করে আগামী ৮ জুলাই প্রতিবেদন দাখিলের আদেশ দেন। মামলায় অভিযোগ করা হয়, বাদীর বোন রেহানা তাজরীন ফ্যাশনসের শ্রমিক। ২০১২ সালের ২৪ নভেম্বর ওই কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ জন পোশাকশ্রমিক নির্মমভাবে নিহত হন। সেদিন বাদীর বোনও অগ্নিদগ্ধ হয়ে মারা যান। মৃত্যুর আগে রেহানা অগ্নিকাণ্ডের ঘটনা তাঁকে ফোনে জানিয়ে বলেন, গার্মেন্টস কর্তৃপক্ষ কলাপসিবল গেটে তালা মেরে দেওয়ায় তিনি বের হতে পারছেন না। ফোনে বোন তাঁকে বাঁচানোর আকুতি জানান।
মামলায় আরও অভিযোগ করা হয়, গার্মেন্টস মালিকের নির্দেশে কারখানার ফটকে তালা দিয়ে পরিকল্পিতভাবে শ্রমিকদের পুড়িয়ে মারা হয়। বাদীর বোনসহ ১২ জনের লাশেরও সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করতে অস্বীকার করে। তাই ন্যায়বিচারের আশায় তিনি আদালতে মামলা করলেন।