তাজরীন বিষয়ে বিজিএমইএর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন
তৈরি পোশাক প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বিজিএমইএর তদন্ত প্রতিবেদনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে শ্রম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির মতে, বিজিএমইএর প্রতিবেদনে তাজরীনের মালিক দেলোয়ার হোসেনকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। সংসদীয় কমিটি দ্রুত তাজরীনের মালিককে গ্রেপ্তারসহ তাঁর বিরুদ্ধে অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়ার জন্য শ্রম মন্ত্রণালয়কে সুপারিশ করেছে। একই সঙ্গে তাজরীনের যেসব শ্রমিকের এখনো চাকরি হয়নি, তাঁদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা করতে বলেছে। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে কমিটির সদস্যরা পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর তদন্ত প্রতিবেদনের তীব্র সমালোচনা করেন। তাঁরা বলেছেন, মালিকপক্ষ এই অগ্নিকাণ্ডের দায় এড়াতে পারেন না। তাজরীনের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করায় কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন এবং বকেয়া পরিশোধের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেন। বৈঠকের পর কমিটির সভাপতি ইসরাফিল আলম প্রথম আলোকে বলেন, তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের পর যথেষ্ট সময় পার হয়েছে। এ নিয়ে প্রতিষ্ঠানটির মালিক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ফৌজদারি ও শ্রম আইনে দুটি মামলা হয়েছে। অথচ প্রশাসন এখনো তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এ দুটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা উচিত। তিনি আরও বলেন, বিজিএমইএর তদন্ত প্রতিবেদনে মালিকপক্ষকে বাঁচানোর জন্য একতরফাভাবে প্রতিবেদন তৈরি করা হয়েছে। যেখানে সরকার তদন্ত করছে, সেখানে তাদের তদন্ত কমিটি গঠনের কোনো প্রয়োজন ছিল না। এ ছাড়া সংসদীয় কমিটি সোনালী ব্যাংকের অর্থ হাতিয়ে নেওয়ার কেলেঙ্কারিতে জড়িত হল-মার্ক গ্রুপের কর্মীদের বেতন-ভাতার বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে। ইসরাফিল আলম বলেন, হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আটক থাকলেও তাদের সম্পদ তো আটক নেই।’ বৈঠকে কমিটির সদস্য শহীদুজ্জামান সরকার, ননী গোপাল মণ্ডল, জাকির হোসেন ও রওশন জাহান অংশ নেন।