তাজরীনে আগুনে শ্রমিক মৃত্যুর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ ফেব্রুয়ারি
আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শ্রমিক মৃত্যুর ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ আজ রোববার শুরু হয়েছে। প্রথম দিনে দুজন সাক্ষ্য দিয়েছেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ ফেব্রুয়ারি।
ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এই মামলার বিচারকাজ চলছে। আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী পুলিশের উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম এবং আরেক এসআই শাহজালাল মিয়া। পরে আদালত আগামী ৭ ফেব্রুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ধার্য করেন।
আদালত সূত্র জানায়, এই মামলার সাক্ষীর সংখ্যা ১০৪ জন। আর আসামি ১৩ জন। আসামিদের মধ্যে আজ আটজন আদালতে হাজির ছিলেন।
তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় তিন বছর পর গত বছরের ৩ সেপ্টেম্বর ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণের জন্য ১ অক্টোবর তারিখ ধার্য করেছিলেন আদালত। ওই দিন সাক্ষী হাজির না হওয়ায় আদালত ১ নভেম্বর পরবর্তী তারিখ ধার্য করেন। সেদিনও সাক্ষ্য গ্রহণ হয়নি। পরে আদালত ১০ জানুয়ারি পরবর্তী তারিখ ধার্য করেন।
আসামিদের বিরুদ্ধে ‘অপরাধজনক নরহত্যা’ ও ‘অবহেলার কারণে মৃত্যুর’ অভিযোগ আনা হয়েছে।
অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন—তাজরীন ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন, তাঁর স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহমুদা আক্তার, প্রতিষ্ঠানের প্রকৌশলী এম মাহবুবুল মোর্শেদ, প্রশাসনিক কর্মকর্তা দুলাল, স্টোর ইনচার্জ হামিদুল ইসলাম লাভলু, সিকিউরিটি সুপারভাইজার আল-আমিন, ইনচার্জ আনিসুর রহমান, স্টোর ইনচার্জ আল-আমিন, কারখানার ম্যানেজার আবদুর রাজ্জাক, প্রোডাকশন ম্যানেজার মোবারক হোসেন মঞ্জু, কোয়ালিটি ম্যানেজার শহিদুজ্জামান দুলাল, সিকিউরিটি গার্ড রানা ওরফে আনারুল ও লোডার শামীম মিয়া। এঁদের মধ্যে শেষের চারজন পলাতক আছেন। বাকিরা জামিনে আছেন।
২০১২ সালের ২৪ নভেম্বর সন্ধ্যা সাতটার দিকে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তুবা গ্রুপের পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসে আগুন লেগে ১১১ জন পোশাকশ্রমিকের মৃত্যু হয়। আহত হন ১০৪ জন শ্রমিক।
ওই ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়। ২০১৩ সালের ২ ডিসেম্বর অভিযোগপত্র দেয় সিআইডি। অভিযোগপত্রে বলা হয়, আগুন লাগার পর শ্রমিকদের বের হতে না দিয়ে তাঁদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়।
আরও পড়ুন:
তাজরীনের মালিকসহ ১৩ জনের বিচার শুরু