তাজরীন পোশাক কারখানায় আগুনে পুড়ে ১১১ জনের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। আর এই দুর্ঘটনার ফলে পোশাক রপ্তানি খাতে যে নেতিবাচক প্রভাব পড়বে, ঐক্যবদ্ধভাবে সেটি মোকাবিলা করা উচিত।রাজধানীর বিয়াম মিলনায়তনে গতকাল শনিবার আয়োজিত বিবিসি বাংলাদেশ সংলাপে এই মত দিয়েছেন দর্শক ও অতিথিরা। এবারের সংলাপে অতিথি আলোচক ছিলেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী ওসমান ফারুক, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন এবং জাতীয় শ্রমিক জোটের সভাপতি শিরীন আখতার।সংলাপের শুরুতেই তাজরীন পোশাক কারখানার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিচার হবে কি না জানতে চান এক দর্শক। জবাবে বাণিজ্যমন্ত্রী জি এম কাদের বলেন, অতীতে এসব ঘটনার বিচার না হওয়ায় অনেকেই এখন এই শঙ্কা প্রকাশ করছেন। কিন্তু বর্তমান সরকার দায়ী ব্যক্তিদের ছাড় দেবে না। ঘটনার তদন্ত হচ্ছে। তবে শাস্তি দেবেন আদালত। ওসমান ফারুক বলেন, শাস্তি হওয়া নিয়ে জনগণের মধ্যে শঙ্কা আছে। শিরীন আখতার বলেন, অতীতে বিচার হয়নি বলেই এই শঙ্কা। কিন্তু এবার এই ঘটনায় দায়ী ব্যক্তিদের সাজা পেতেই হবে। সফিউল ইসলাম বলেন, ‘সরকারের পাশাপাশি বিজিএমইএ এ ঘটনার তদন্ত করছে। ওই কারখানার নিচের তলায় গুদাম থাকার কথা ছিল না। আর গুদামের কোনো নিরাপত্তা দেয়ালও ছিল না। তবে আগুন লাগার পর সতর্কসংকেত বেজেছিল। কিন্তু কিছু কর্মকর্তা কেন তাঁদের বের হতে দেননি? আমরাও চাই এই ঘটনার বিচার হোক।’এই ঘটনার ফলে পোশাক রপ্তানি খাতে কী ধরনের প্রভাব পড়বে এবং তা কীভাবে মোকাবিলা করা হবে, দর্শকদের এমন প্রশ্নের জবাবে সবাই একমত হয়ে বলেন, নেতিবাচক যে প্রভাব পড়বে, ঐক্যবদ্ধভাবে তার সমাধান করতে হবে। অন্যান্য প্রসঙ্গ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আরেকবার ক্ষমতায় যাওয়ার সুযোগ চেয়েছেন কিন্তু কিসের ভিত্তিতে মানুষ তাঁকে ভোট দেবে—দর্শকদের এমন এক প্রশ্নের জবাবে ওসমান ফারুক বলেন, বর্তমান সরকার ব্যর্থ। আর রাজনীতিবিদদের কাজ, জনগণের কাছে ক্ষমতায় যাওয়ার জন্য আবেদন জানানো। এটি দোষের কিছু নয়। শিরীন আখতার বলেন, জঙ্গিবাদ, গ্রেনেড হামলা, দুর্নীতি—এসব কারণেই জনগণ বিএনপিকে ক্ষমতাচ্যুত করেছে। এখন আবার বিএনপি যুদ্ধাপরাধীদের আশ্রয় দিচ্ছে। আরেকবার ক্ষমতায় যেতে হলে যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়তে হবে। রাজনীতিবিদদের খারাপ কাজ করা উচিত নয়—এমন মন্তব্য করে জি এম কাদের বলেন, ‘বারবার কেনই বা খারাপ কাজ করব আর বারবার কেনই বা জনগণের কাছে যেতে হবে, সেটি আমার জানা নেই।’ পার্বত্য চুক্তি বাস্তবায়ন সম্পর্কে জানতে চান এক আদিবাসী নারী। জবাবে ওসমান ফারুক বলেন, এই চুক্তি বাস্তবায়নে এত সময় লাগানো উচিত হয়নি। জি এম কাদের ও শিরীন আখতার বলেন, অতীতের সরকার এই চুক্তি বাস্তবায়ন করেনি। বর্তমান সরকারই এটি বাস্তবায়ন করছে।