তাজরীনের অগ্নিনির্বাপণ ও পরিদর্শন প্রতিবেদন তলব
আশুলিয়ার তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের আগে ও পরের অগ্নিনির্বাপণ এবং নির্গমনব্যবস্থা-সংক্রান্ত সরকারের পরিদর্শন প্রতিবেদন ছয় সপ্তাহের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অগ্নিনির্বাপণ আইন ২০০৩-এর অধীনে এই পোশাক কারখানার যাবতীয় অনুমোদন-সংক্রান্ত নথিপত্র দুই সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন এবং রুল জারি করেন।রুলে ওই পোশাক কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মালিক ও কর্মকর্তাদের বিরুদ্ধে অগ্নিনির্বাপণ আইন ২০০৩-এর ১৭ ধারা অনুসারে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়।এ ছাড়া রুলে ওই কারখানায় অগ্নিকাণ্ড রোধে শ্রম আইন ২০০৬ এবং অগ্নিনির্বাপণ আইন ২০০৩-এর বিভিন্ন ধারা অনুসারে সরকারের বিভিন্ন বিভাগের দায়িত্বে অবহেলা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়। অর্থসচিব, শ্রমসচিব, স্বরাষ্ট্রসচিব, শ্রম অধিদপ্তরের মহাপরিচালকসহ সাত বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত ২৪ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।গত ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে শতাধিক শ্রমিক নিহত হন। ওই ঘটনায় সরকারের অবহেলা ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক তাসলিমা ইয়াসমীন রিট আবেদনটি করেন।গতকাল রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইমতিয়াজ ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ রায়।ইমতিয়াজ ফারুক প্রথম আলোকে বলেন, অগ্নিনির্বাপণের অনুমোদন ও পরিদর্শন-সংক্রান্ত প্রতিবেদন বিবাদীদের দাখিল করার নির্দেশ দিয়েছেন আদালত।