তাজরীনের আটক তিন কর্মচারী তিন দিনের রিমান্ডে
ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিন কর্মচারীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত শনিবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন। সিআইডি সূত্র জানায়, গ্রেপ্তারের পর তাজরীন ফ্যাশনসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. আনিসুর রহমান, ভান্ডার কর্মকর্তা আল-আমিন ও নিরাপত্তাকর্মী রানার সাত দিনের রিমান্ড চেয়ে রোববার ঢাকার মুখ্য বিচারিক আদালতে সোপর্দ করা হয়। এসব কর্মকর্তার অবহেলার কারণেই হতাহতের ঘটনা ঘটে বলে রিমান্ড আবেদনে দাবি করা হয়। আসামিদের আদালতে হাজির করার পর তাঁদের পক্ষে জামিনের আবেদন করা হলেও আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মনসুর আলী মণ্ডল বলেন, গ্রেপ্তারকৃতদের কেউই সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। সুষ্ঠু তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের রিমান্ডে আনা হয়েছে। গত বছর ২৪ নভেম্বর কারখানাটিতে আগুন লেগে ১১২ জন শ্রমিক প্রাণ হারান এবং আহত হন শতাধিক। ঘটনার পরের দিন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম বাদী হয়ে এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলা করেন।