তাজরীনের আরও তিন কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনস লিমিটেডের আরও তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ নিয়ে ওই কারখানার ছয় কর্মকর্তা-কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে।সিআইডি সূত্র জানায়, গ্রেপ্তারের পর তাজরীনের ওই তিন কর্মীকে ঢাকার সিআইডি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিআইডি সূত্র জানায়, শনিবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাজরীন ফ্যাশনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. আনিসুর রহমান, ভান্ডার কর্মকর্তা আল-আমিন ও নিরাপত্তাকর্মী রানাকে গ্রেপ্তার করা হয়। এর আগে আশুলিয়া থানার পুলিশ কারখানার প্রশাসনিক কর্মকর্তা মো. দুলাল উদ্দিন, ভান্ডাররক্ষক হামিদুল ইসলাম ও নিরাপত্তা সুপারভাইজার মো. আল-আমিনকে গ্রেপ্তার করে। সূত্র জানায়, শনিবার রাতে গ্রেপ্তার করা তিনজনকে ওই রাতেই ঢাকায় সিআইডি কার্যালয়ে নেওয়া হয়। গত বছরের ২৪ নভেম্বর কারখানাটিতে আগুন লেগে ১১২ জন শ্রমিক প্রাণ হারান এবং শতাধিক আহত হন। ঘটনার পরদিন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন। মামলার দেড় মাস পর সিআইডিকে মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মনসুর আলী মণ্ডল মামলাটি তদন্ত করছেন। মনসুর আলী মণ্ডল বলেন, তদন্তে নাম আসায় ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কারখানাটিতে আগুন লাগার সময় প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো. আনিসুর রহমান, ভান্ডার কর্মকর্তা আল-আমিন ও নিরাপত্তাকর্মী রানা কারখানার নিচতলায় ছিলেন।