তাজরীনের আহত আমেনা ক্যানসারে পরাজিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানার আগুন পোড়াতে পারেনি তাঁকে। কিন্তু ভুগিয়েছে বেশ। এ হাসপাতাল, ওই হাপাতাল। শেষমেশ মৃত্যু এসে নিয়ে গেছে তাজরীনের শ্রমিক আমেনা বেগমকে।
২০১২ সালের ২৪ নভেম্বরের রাত। ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনস লিমিটেডে ভয়াবহ আগুন লাগে। এই আগুনে শতাধিক শ্রমিক পুড়ে ভস্ম হন। ওই আগুন পোড়াতে পারেনি অপারেটর আমেনাকে। কারখানার পাঁচতলা থেকে লাফিয়ে পড়ে প্রাণে বেঁচেছিলেন তিনি। কিন্তু বুকে, মাথায় ও হাতে পেয়েছিলেন গুরুতর আঘাত। পরে তাঁর ক্যানসার ধরা পড়ে। এই মরণব্যাধির যন্ত্রণা ভোগ করে শেষমেশ গতকাল বুধবার ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন আমেনা।
আমেনার (৩৫) মৃত্যুর খবর জানার পর তাজরীনের শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা গতকাল সকালে তাজরীন ফ্যাশনসের সামনে জড়ো হন। আমেনার লাশ কারখানার সামনে আনা হয় সকাল নয়টার দিকে। তখন শ্রমিকেরা বিক্ষোভ করতে চাইলে শিল্প পুলিশ তাঁদের তাড়িয়ে দেয়। পরে পুলিশি পাহারায় আমেনার লাশবাহী গাড়ি তাঁর গ্রামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার গরিয়াদহ গ্রামের উদ্দেশে পাঠিয়ে দেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করেছেন শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
লাশ গ্রামের উদ্দেশে রওনা হওয়ার আগে তাজরীন কারখানার সামনে আমেনার স্বামী রিকশাচালক আবুল হোসেন বলেন, ওই ভয়াবহ আগুন থেকে নিজেকে বাঁচাতে আমেনা কারখানার পাশের একটি টিনের ঘরের ওপর লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছিলেন। পরে তাঁকে রাজধানীর ট্রমা সেন্টারে দীর্ঘদিন চিকিৎসা দেওয়া হয়। একপর্যায়ে নিশ্চিন্তপুরের বাসায় ফিরলেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠা হয়নি আমেনার।
তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র পাশে এসে দাঁড়ায়। গত জুনের প্রথম সপ্তাহে আমেনাকে রাজধানীর পান্থপথের একটি হাসপাতালে ভর্তি করেন ইউনিয়নের নেতা-কর্মীরা। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁর পিত্তথলিতে পাথর ধরা পড়ে। পাথর অপসারণে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার শেষে চিকিৎসকেরা জানান, বুকে গুরুতর আঘাতজনিত কারণে কোষের অস্বাভাবিক বৃদ্ধি থেকে আমেনার ক্যানসার হয়েছে। এরপর প্রায় ১০ দিন ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় তাঁকে। ১৫ দিন আগে তাঁকে ভর্তি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে গতকাল ভোররাত চারটার দিকে আমেনার মৃত্যু হয়।
আবুল হোসেন আরও বলেন, সরকারের পক্ষ থেকে মাত্র তারা এক লাখ টাকা সহায়তা পেয়েছিলেন। ওই টাকা ধার-দেনা পরিশোধেই শেষ হয়ে যায়।