তাজরীনের চেয়ারম্যান মাহমুদা কারাগারে
অবশেষে তাজরীন ফ্যাশনসের চেয়ারম্যান মাহমুদা আক্তারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কাজী শহীদুল হক এই আদেশ দেন। আসামি মাহমুদা আক্তার গতকাল আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার আশুলিয়ার তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী মাহমুদা আক্তার গত ৯ ফেব্রুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ওই দিন বিচারিক হাকিম তাজুল ইসলাম জামিনের আদেশ না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম ইসমাইল হোসেন সাপ্তাহিক হাজিরার শর্তে জামিনে মুক্তির আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল মজিদ তা বাতিল করেন এবং আসামি মাহমুদাকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন। একই সঙ্গে হাকিম আদালত কর্তৃক জামিন দেওয়ার ক্ষেত্রে আইনগত ত্রুটি আছে কি না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে বলেন জেলা জজ আদালত।
গতকাল মাহমুদা আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন খন্দকার আবদুল মান্নান ও আনোয়ারুল কবির। ২০১২ সালের ২৪ নভেম্বর এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনসের ১১১ জন শ্রমিক নিহত হন। আহত হন ১০৪ জন। গত বছরের ২২ ডিসেম্বর তাজরীনের এমডিসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।